পর্যটকদের সতর্ক করার ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সৈকতে নেমে গোসল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও ঝুঁকি নিয়ে পর্যটকেরা গোসলে নামছেন। দ্বীপের চারদিকে ছড়িয়ে থাকা বড় আকারের প্রবাল পাথরে কেউ আটকে গেলে তাঁকে উদ্ধারে এই সৈকতে
কোনো ডুবুরি বা উদ্ধারকর্মী নেই। গোসলে না নামার জন্য পর্যটকদের সতর্ক করতে সৈকতে কোনো সাইনবোর্ড বা প্রচারণার ব্যবস্থাও নেই।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন জানান, ২০১৪ সালের ১৪ এপ্রিল সৈকতের উত্তর পাশে গোসল করতে নেমে মারা গেছেন ঢাকার আহ্ছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। ওই দিন দুপুরে সাগরে নেমে পাথরখণ্ডে আটকে পড়েছিলেন তাঁরা। উদ্ধারকর্মী না থাকায় তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যটকবাহী ছয়টি জাহাজে করে অন্তত পাঁচ হাজার পর্যটক টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছান। নীল জলে ঘেরা আকর্ষণীয় সৈকত দেখে অনেক পর্যটকেরা দেরি না করে সাগরে গোসলে নেমে পড়েন। বিচ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের চারজন নিরাপত্তাকর্মী অনবরত বাঁশি বাজিয়েও তাঁদের সমুদ্র থেকে তুলতে পারছিলেন না।
কুমিল্লার দৌদ্দগ্রাম থেকে আসা সোহরাব হাসান জানান, স্ত্রীকে নিয়ে প্রথমবার তিনি সেন্ট মার্টিন এসেছেন। প্রবাল পাথর আর নীল জলের সাগর দেখে মুগ্ধ স্বামী-স্ত্রী দুজন। তিনি বলেন, ‘এই জলে গোসল না করলে জীবনটা বৃথা যাবে। তাই সাগরে নেমে সাঁতার কাটছি।’
ঢাকার মিরপুর থেকে আসা জয়নুল বারী জানান, ‘সেন্ট মার্টিনে গোসল করা নিষিদ্ধ—এ কথা কোথাও লেখা নেই। তাই নিরাপদ মনে করে সাগরে নেমে পড়লাম। নীল জলে শরীরটা ভিজিয়ে না নিলে ভ্রমণটা বিফলে যেত।’
পর্যটকদের গোসল করা থেকে বিরত রাখতে বিচ-কর্মীদের নিয়ে গতকাল বেলা দেড়টার দিকে তৎপরতা চালাতে দেখা যায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহাকে। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এই দ্বীপের চতুর্দিকে প্রবাল পাথরে ঢাকা। তাই পর্যটকদের সৈকতে নেমে গোসল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তারপরও বিপুলসংখ্যক পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে গোসলে নামছেন। সরিয়ে না আনলে যেকোনো সময় বিপদ হতে পারে। পাথরে আটকে গেলে পর্যটকদের উদ্ধারের কোনো ব্যবস্থা এখানে নেই।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের দফাদার হাবিব উল্লাহ বলেন, পর্যটন মৌসুমে জাহাজে ও ট্রলারে করে প্রতিদিন ৫ থেকে ১৫ হাজার পর্যন্ত পর্যটক এই দ্বীপ ভ্রমণে আসেন। তাঁদের বেশির ভাগ সাগরে নামেন। কিন্তু নিরাপদ গোসলের ব্যবস্থা নেই। সাগরে না নামতে সৈকতে লাল নিশানা টাঙানোর ব্যবস্থা করা দরকার। জাহাজে করে আসার পথে পর্যটকেরা সচেতন করা যেতে পারে বলে তিনি পরামর্শ দেন।
পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিচ-কর্মী মো. আরাফাত (২২) জানান, নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটকেরা সমুদ্রে নেমে বিপদে পড়ছেন। ধারালো প্রবাল পাথরে কমবেশি সবার হাত-পা কাটছে। গত সাত বছরে সেন্ট মার্টিনে গোসলে নেমে ২৩ জনের মৃত্যু হয়েছে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হবে। পর্যটকের নিরাপত্তার পাশাপাশি তারা সৈকতের জীববৈচিত্র্য ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় কাজ করবে।