ঈদের টানা নয় দিনের সরকারি ছুটিতে কক্সবাজার ভ্রমণে আসা কয়েক লাখ পর্যটক যাতে হয়রানির শিকান না হন এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘পর্যটকের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা’ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন সভাপতিত্ব করেন। তিনি বলেন, কিছু গেস্টহাউস ও কটেজমালিক পর্যটকদের কক্ষ বরাদ্দের বিপরীতে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। ভ্রমণে আসা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত কক্ষ ভাড়া আদায় করা যাবে না। একই সঙ্গে খাবারের চড়া দাম কেউ নিতে পারবে না। কেউ তা না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক বলেন, বর্ষার এই মৌসুমে উত্তাল সমুদ্রে গোসলে নেমে কোনো পর্যটক যেন বিপদে না পড়েন সে ব্যাপারে কড়া নজরদারি রাখা হবে। শহর ও শহরের বাইরে দর্শনীয় স্থান পরিদর্শনের সময় পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ারুল নাসের, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, সিনিয়র সহকারী পুলিশ সুপার চাইলাউ মারমা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার বাস মালিক সমিতির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, জেলা রেস্তোঁরা মালিক সমিতির উপদেষ্টা নঈমুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
সভায় কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির উপদেষ্টা নঈমুল হক চৌধুরী বলেন, হোটেল-মোটেল এলাকায় শুঁটকির দোকান বসায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পর্যটকেরা অস্বস্তিতে থাকেন। শুঁটকির দোকান দ্রুত উচ্ছেদ করার দাবি জানান তিনি।
সহকারী ট্রাফিক পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, পর্যটকের উপচে পড়া ভিড়ে শহরের ট্রাফিক-ব্যবস্থা ভেঙে পড়ে। বিশেষ করে সৈকতের কলাতলী সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। সড়কের দুপাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ না করলে পর্যটকের দুর্ভোগ লাঘব সম্ভব হবে না।
কক্সবাজার চেম্বারের সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ইনানী সৈকতে যাওয়ার পথে অনেক পর্যটক ছিনতাইয়ের কবলে পড়েন। এটা কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এই সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার দাবি জানান তিনি।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, পর্যটকদের নিরাপত্তায় সৈকতের সুগন্ধা, লাবণী পয়েন্টসহ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর, হিমছড়ি, ইনানী সৈকতে পুলিশের পৃথক পাঁচটি চৌকি স্থাপন করা হয়েছে। তা ছাড়া টহলে থাকবে একাধিক দল। সমুদ্রে গোসলসহ পর্যটকদের সচেতনতায় ট্যুরিস্ট পুলিশ নানা প্রচারণা শুরু করেছে। গত বছর সৈকতে গোসলে নেমে ছয়জনের মৃত্যু হলেও এবার তা রোধ করার চেষ্টা চলছে।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান বলেন, সৈকতের দৃষ্টিনন্দন ঝাউবাগান দখল করে হোটেল মালিকেরা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। অনেকে ঝাউবাগানের ভেতরে অবৈধ দোকানপাট তৈরি করছেন। সেখানে মাদকও বিক্রি হয়। এ অবস্থার অবসান ঘটাতে হবে।
ক্যাব সভাপতি ফজলুল কাদের চৌধুরী অভিযোগ করেন, কিছু হোটেল টমটম (ব্যাটারিচালিত ইজিবাইক) চালকদের অগ্রিম টাকা দিয়ে পর্যটক ধরার ফাঁদ বসিয়েছে। পর্যটকেরা বাস থেকে নামলেই টমটমচালকেরা ব্যাগ নিয়ে হোটেলে নেওয়ার জন্য টানাটানি শুরু করেন। অনেকে পর্যটকদের লাঞ্ছিত করেন। এসব দ্রুত বন্ধ করতে হবে।
কক্সবাজার বাস মালিক সমিতির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, অবৈধ যানবাহন চলাচলের কারণে শহরের প্রধান সড়ক ও সৈকত সড়কে দীর্ঘ যানজট হচ্ছে। এটি রোধ করতে ট্রাফিক পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।