পর্যটকবাহী দুটি জাহাজের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে আজ রোববার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী দুটি জাহাজের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের টেকনাফের দমদমিয়া জেটি ঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল এ জরিমানা করেন।
ইউএনও শফিউল আলম প্রথম আলোকে বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুটি জাহাজ অতিরিক্ত যাত্রী পারাপার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত এলসিটি কাজল নামের একটি জাহাজের মালিককে ৬০ হাজার টাকা ও বে ক্রুজ নামের আরেকটি জাহাজের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাহাজগুলো ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে সকালে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর বিকেলে একই সংখ্যক যাত্রী নিয়ে টেকনাফে ফিরে আসে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, পর্যটন মৌসুমকে সামনে রেখে এ নৌপথে চলাচলকারী পর্যটক জাহাজগুলো যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে, সে জন্য নৌ-দুর্ঘটনা এড়াতে তাদের নিষেধ করা হয়েছিল। এরপরও তাঁরা আদেশ অমান্য করে অতিরিক্ত পর্যটক পরিবহন করায় চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে।