পর্যটকবাহী যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটকবাহী যানবাহন পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেকগামী পর্যটকবাহী যানবাহন চলাচল গতকাল থেকে দুই দিনের জন্য বন্ধ রেখেছে বিভিন্ন যানবাহন মালিক সমিতি। গতকাল রোববার খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতি জরুরি সভা করে আজ সোমবার পর্যন্ত দুই দিনের জন্য সাজেকগামী যানবাহনগুলো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
একই সঙ্গে হুমকির প্রতিবাদে আজ খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে সন্ত্রাস চাঁদাবাজ দমন কমিটি। যানবাহন মালিক সমিতি, আবাসিক হোটেলগুলোর মালিকসহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে খাগড়াছড়ি শাপলা চত্বরে আজ সোমবার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পার্বত্য যানবাহন মালিক সমিতির প্রধান লাইন নিয়ন্ত্রক লোচন চাকমা বলেন, ‘১৭ মার্চ মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তিরা সাজেক সড়কে গাড়ি নিয়ে যেতে নিষেধ করেন। নিষেধ অমান্য করলে গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সে কারণে আমাদের সমিতির গাড়ি সাজেকে যাচ্ছে না।’
গতকাল সকালে দীঘিনালা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সাজেকগামী চাঁদের গাড়ির (জিপ) চালক উজ্জ্বল বড়ুয়া, স্বপন দে, মো. রাজু, সাইফুল ইসলাম, মোহাম্মদ শেখ ফরিদসহ কয়েকজন চালকের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, নিরাপত্তাহীনতার কারণে তাঁরা পর্যটক নিয়ে সাজেকে যাচ্ছেন না।
খাগড়াছড়ি পৌর শহরের কয়েকটি আবাসিক হোটেল ঘুরে ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা যায়, খাগড়াছড়ি-সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধের কারণে পর্যটকেরা ফিরে গেছেন।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির কার্যালয়ে সহকারী মো. নাঈম উদ্দিন বলেন, খাগড়াছড়ি থেকে প্রতিদিন গড়ে ৩০টি জিপ পর্যটক নিয়ে সাজেকে যায়। পর্যটক না এলে গাড়িগুলো অলস বসে থাকবে।
খাগড়াছড়ি রেন্ট-এ কার চালক সমিতির সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, নিরাপত্তার কারণে কেউ গাড়ি নিয়ে সাজেকে যেতে চাইছেন না।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির প্রধান লাইন নিয়ন্ত্রক উজ্জ্বল কান্তি দাশ বলেন, ‘আমরা সাজেক সড়কে নিরাপত্তার দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করব। প্রাথমিকভাবে আমরা ২০ ও ২১ মার্চ সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছি।’ এ ছাড়াও হুমকির প্রতিবাদে ও পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে আজ সোমবার খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে সন্ত্রাস চাঁদাবাজ দমন কমিটি।