পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন মৌসুমেও খাঁ খাঁ করছে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত। টানা হরতাল-অবরোধের কারণে পর্যটকেরা দেশের অন্যতম এই পর্যটনকেন্দ্রে আসতে পারছেন না। এতে পর্যটকনির্ভর কুয়াকাটার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বেকার হয়ে পড়েছেন পর্যটন সেবার সঙ্গে যুক্ত সহস্রাধিক ব্যক্তি।
খোঁজ নিয়ে জানা গেছে, কুয়াকাটায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৪টির মতো আবাসিক হোটেল-মোটেল এবং শামুক-ঝিনুকের দোকান, খাবার রেস্তোরাঁসহ অন্যান্য ব্যবসার আরও ৩৫০টি প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসার প্রতিটি কুয়াকাটায় পর্যটকদের আগমনের ওপর নির্ভরশীল।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ১৮ কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সৈকতে কোনো পর্যটক নেই। সৈকতে বিছানো চৌকিসহ ছাতাগুলো খালি পড়ে আছে। কুয়াকাটার টিঅ্যান্ডটি মোড় থেকে সৈকতে নামার সড়কের শেষ মাথা পর্যন্ত দুই ধারের শামুক-ঝিনুকের দোকান, রেস্তোরাঁসহ অন্যান্য সামগ্রী বিক্রির দোকানগুলোতে ক্রেতা নেই। দোকানিরা অলস সময় কাটাচ্ছিলেন।
ঝিনুক বিক্রেতা মো. আবু সালেহ বলেন, ‘শীত মৌসুমের দিকে আমরা চেয়ে থাকি। এই সময় দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন। বেচাবিক্রিও বেশ ভালো হয়। ওই লাভের টাকা দিয়ে বছরের বাকি সময় কোনোমতে চলে যায়। অথচ এবার বেচা-বিক্রি তো দূরের কথা, চালান ভেঙে সংসারের খরচ মেটাতে হচ্ছে।’
দর্শনীয় জিনিসপত্র বিক্রির দোকান বিসমিল্লাহ গার্ডেনের মালিক মো. সোহাগ সাজ্জাল বলেন, ‘মৌসুমের এমন দিনে আমাদের প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার টাকার বিক্রি হতো। এখন সেখানে গড়ে ৫০০ টাকাও বিক্রি হচ্ছে না। পর্যটক না থাকায় এই মাসে প্রত্যেক দোকানিকে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লোকসান গুনতে হবে।’
পর্যটকদের ঘিরে কুয়াকাটা ও পাশের আলীপুরে অন্তত ৪০০ যুবক রয়েছেন যাঁরা ভাড়ায়চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা চালাতেন। এমনই একজন মোস্তফা কামাল। বললেন, ‘কিস্তি দিয়ে মোটরসাইকেল কিনেছি। পর্যটকেরা এলে তাঁদের মোটরসাইকেলে বসিয়ে আশপাশের দর্শনার্থী স্থান ঘুরে দেখাতাম। এতে যা আয় হতো তা দিয়ে কিস্তি পরিশোধসহ সংসার চলে যেত। এখন পুরোপুরি বেকার।’
কুয়াকাটার হোটেল-মোটেলগুলোতেও কোনো পর্যটক নেই। কুয়াকাটা ইনের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সোহেল জানালেন, গত বছর এই মৌসুমে তাঁর হোটেলের প্রতিটি কক্ষই ভরপুর ছিল। এখন সবগুলোই খালি পড়ে আছে। অথচ ব্যাংক ঋণের সুদ বেড়েই চলেছে। তিনি বলেন, ‘দুর্যোগ-দুর্বিপাকের কারণে এমনিতেই কুয়াকাটার ব্যবসা-বাণিজ্য বহুদিন ধরে বিপর্যস্ত। তার মধ্যে এবার হরতাল-অবরোধের কারণে পুরো মৌসুমটাই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আমরা যে কেমন করে এই ক্ষতি কাটিয়ে উঠব, তা ভেবেও কুল পাচ্ছি না।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘কুয়াকাটার ৫৪টি হোটেল-মোটেল থেকে মৌসুমে অন্তত ১০ কোটি টাকা আয় হয়ে থাকে। এই আয় থেকেই আমরা ব্যাংকের ঋণ পরিশোধসহ অন্যান্য খরচ মিটিয়ে থাকি। এখন যদি ব্যবসাই না করতে পারি, তাহলে এসব ব্যয় কীভাবে যে মেটাব বুঝতে পারছি না।’