পর্যটকশূন্য খাগড়াছড়ি, হোটেল-মোটেল ব্যবসায়ীরা বিপাকে

পর্যটকদের পছন্দের একটি জায়গা খাগড়াছড়ি। এখানে রয়েছে ছোট-বড় পাহাড়, ঝরনা ও ছোট-বড় অসংখ্য পর্যটনকেন্দ্র। এ ছাড়া রাঙামাটির সাজেকে যেতে হয় খাগড়াছড়ি শহর দিয়েই। এখন সাজেক যাওয়ার কোনো পর্যটক নেই। খাগড়াছড়ির হোটেল-মোটেলগুলো খালি পড়ে রয়েছে। এ কারণে হোটেল-মোটেল মালিকসহ পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কা করছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় ছোট-বড় ১২০টি হোটেল, মোটেল ও গেস্টহাউস রয়েছে। গত বছর পাহাড়ধসের পর থেকে হোটেল-মোটেলগুলোতে বুকিং নেই বলেই চলে। কয়েক দিনের প্রবল বৃষ্টি এবং রাঙামাটির পাহাড়ধসের ঘটনার কারণে এবার ঈদের ছুটিতে পর্যটকেরা খাগড়াছড়িমুখী হচ্ছেন না বলেই ধারণা সংশ্লিষ্ট ব্যক্তিদের।
খাগড়াছড়ি হোটেল গাইরিংয়ের মালিক ও হোটেল মালিক সমিতির সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, ঈদ সামনে রেখে প্রায় সব হোটেল-মোটেল সাজানো হয়েছিল। গত বছরের পাহাড়ধসের পর থেকে খাগড়াছড়িতে পর্যটক আসা কমেছে। এ ছাড়া গত কয়েক দিনের হঠাৎ বন্যা, পাহাড়ধস ও সাজেকের যাওয়ার সড়ক বন্ধ থাকার কারণে হোটেল-মোটেলে কোনো পর্যটক নেই। অনেক হোটেলের মালিক লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন বর্তমানে পর্যটক না থাকার কারণে মালিকেরাই তাঁদের ব্যবসা নিয়ে চিন্তাই রয়েছেন।
হোটেল মাউন্টেইনের ব্যবস্থাপক তাহেরুল ইসলাম জানান, তাঁদের কোনো বুকিং নেই। ফলে কক্ষগুলো খালি অবস্থায় রয়েছে। তিনি জানান, এভাবে কোনো পর্যটক না এলে হোটেলের মালিক হোটেল বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছেন।
খাগড়াছড়ি পর্যটন মোটেলের ম্যানেজার ইদ্রিস তালুকদার জানান, সরকারি লোকজন ছাড়া মোটেলে কোনো পর্যটক নেই দীর্ঘদিন।
জিপ মালিক সমিতির লাইনম্যান সৈকত চাকমা বলেন, ঈদের দিন ও ঈদের পরের দুই দিনের জন্য সাজেকের ১৪টি গাড়ি বুকিং রয়েছে। কিন্তু বর্তমানে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় অনেকে গাড়ি বুকিং বাতিল করছেন।
খাগড়াছড়ি শহরের এফএনএফ রেস্টুরেন্টের মালিক সাহেদুল হোসেন বলেন, তাঁদের রেস্টুরেন্টে কিছুদিন আগেও কয়েকজন পর্যটক এসেছেন। কিন্তু ১১ জুন খাগড়াছড়িতে হঠাৎ বন্যা ও পাহাড়ধসের কারণে কোনো পর্যটক নেই বললেই চলে। এরপরও আশা করছেন, আবহাওয়া যদি ভালো থাকে, ঈদের পরে হয়তো পর্যটক আসতে পারেন।
হোটেলের মতো বেহাল রেস্তোরাঁগুলোর। অনেক সময় হোটেলে পর্যটক না থাকলেও সাজেকমুখী পর্যটকেরা খাগড়াছড়ির রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করেন। তবে এবার সেই অবস্থাও নেই।
খাগড়াছড়ি অন্যতম রেস্তোরাঁ সিস্টেমের কর্মচারী আচিং মারমা বলেন, তাঁদের রেস্টুরেন্টে প্রায় এক সপ্তাহ ধরে গ্রাহক নেই বললেই চলে। গত এক বছরে কোনো সময় এমন হয়নি। তাঁদের রেস্তোরাঁয় পাহাড়ি-বাঙালিসহ সব ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। অগ্রিম অর্ডার দিলে যেকোনো ধরনের খাবার রান্না করে দেওয়া হয়ে থাকে।
খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, এই ঈদে হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের ব্যবসা ভালো হওয়ার একটা আশা ছিল। কিন্তু পাহাড়ের বর্তমান পরিস্থিতি ও বন্যা হওয়ায় পর্যটক আসবে কি না সন্দেহ। তবে পর্যটকদের জন্য হোটেল-মোটেলগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়া পর্যটনকেন্দ্রগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে।
খাগড়াছড়িতে পর্যটক কম হলেও কমতি নেই নিরাপত্তায়। পর্যটকদের সুবিধার্থে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা পুলিশ সুপার আলী আহমদ খান বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটন স্পটগুলোতে ২৪ ঘণ্টাই পুলিশ মোতায়েন করা হয়েছে।