পর্যটকশূন্য পিকনিক স্পট, লোকসানে ব্যবসায়ীরা
জামালপুরের বকশীগঞ্জের লাউচাপড়ার ক্ষণিকা পিকনিক স্পট চলতি মৌসুমে পর্যটকশূন্য হয়ে পড়েছে। ২০-দলীয় জোটের টানা অবরোধের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। এতে স্থানীয় হোটেলসহ স্পটের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লোকসান গুনতে হচ্ছে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষা লাউচাপড়ায় গারো পাহাড়বেষ্টিত মনোরম পরিবেশে ১৯৯৬ সালে ২৬ একর জমির ওপর ক্ষণিকা পিকনিক স্পটটি চালু হয়। এরপর থেকে প্রতিবছর শীতকালে ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসেন এখানে। এখানে বেশ কয়েকটি পাহাড় ও পাহাড়ঘেঁষা আঁকাবাঁকা পথ রয়েছে। তিনটি পাহাড়ের ওপর নির্মাণ করা হয়েছে উঁচু টাওয়ার। টাওয়ারে উঠে পর্যটকেরা দেখতে পান শাল, গজারি, একাশিয়া প্রভৃতি গাছ। এখান থেকে পর্যটকেরা দেখতে পারেন ভারতের মেঘালয় রাজ্যের সবুজ বনানী ও লাল পাহাড়ের সৌন্দর্যও।
ভুক্তভোগী কয়েকজন ব্যবসায়ী জানান, প্রতিবছর জানুয়ারির শুরু থেকে জামালপুর ছাড়াও বিভিন্ন জেলা থেকে প্রতিদিন কয়েক হাজার ভ্রমণপিপাসু মানুষ আসতেন এ স্পটে। পর্যটনকেন্দ্রটি দুই শতাধিক পরিবারের উপার্জানের একমাত্র পথ। টানা অবরোধ-হরতাল ও দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য এবার পর্যটনকেন্দ্রটি ফাঁকা হয়ে পড়েছে। ইতিমধ্যে লোকসানের কারণে পর্যটনকেন্দ্রকে ঘিরে গড়ে ওঠা বিভিন্ন হোটেলসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে তাঁরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন।
লাউচাপড়া এলাকার শ্রমিক জহুরা খাতুন বলেন, ‘১০ বছর ধরে শীতের মৌসুমে এখানে পিকনিক করতে আসা মানুষের কাছ থেকে কিছু অর্থ রোজগার করে আসছি। এ বছর লোকজন না আসায় কোনো রোজগার নেই।’
শেরপুরের শ্রীবরদী থেকে আসা আজাহারুল ইসলাম বলেন, এখানে এসে তাঁর ভালো লাগছে না। এ স্পটে কোনো পর্যটক নেই। টানা অবরোধে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ভয়ে ভ্রমণপিপাসু লোকজন এখন আসছেন না।
পর্যটনকেন্দ্রের ইজারাদার তারেক আবদুল্লাহ জানান, জেলা পরিষদ থেকে ২০১৪ সালের জুলাইয়ে ৩ লাখ ৪০ হাজার টাকায় এই স্পটটি ইজারা নেন তিনি। ছয় মাস অতিবাহিত হলেও মাত্র ৬০ হাজার টাকা তুলতে পেরেছেন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এখানে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। এতে এই তিন মাসে ইজারার টাকা তুলেও দুই থেকে তিন লাখ টাকা লাভ হতো। গত বুধবার মাত্র ২৯০ টাকা উপার্জন হয়েছে তাঁর।