পর্যটকে ভরপুর কক্সবাজার
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন এখানে পর্যটকের সমাগম অব্যাহত থাকবে। ইতিমধ্যে সৈকত ও শহরে অবস্থিত চার শতাধিক হোটেল-মোটেল ও গেস্টহাউসের সব কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।গতকাল শুক্রবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে পর্যটকের উপচে পড়া ভিড়। সকালেও একই অবস্থা নজরে পড়ে।ঢাকার নবাবপুর থেকে ভ্রমণে আসা পর্যটক মীর আসলাম (৩৪) জানান, স্ত্রী ও ছোট দুই ছেলেমেয়ে নিয়ে তিনি প্রথমবারের মতো গত বৃহস্পতিবার সকালে কক্সবাজারে আসেন। গতকাল বিকেলে তাঁরা সূর্যাস্ত দেখার জন্য সৈকতে নামেন।রবিশালের বোরহানউদ্দিন থেকে আসা ব্যবসায়ী আজমত উল্লাহ (৪৫) জানান, চার দিনের ছুটিতে তিনি কক্সবাজার এসেছেন। সৈকতের পাশাপাশি মহেশখালীর আদিনাথ মন্দির আর টেকনাফের ঐতিহাসিক মাথিনের কূপ দেখে তিনি মুগ্ধ।কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, শহরের প্রধান সড়কের যানজট নিরসনে কয়েক হাজার লাইসেন্সবিহীন অবৈধ টমটম উচ্ছেদের পাশাপাশি হোটেল-মোটেলের কক্ষভাড়া নির্ধারণ করা জরুরি। এখন পর্যটকদের কাছ থেকে ইচ্ছামতো হোটেলভাড়া ও রেস্তোরাঁয় খাবারের মূল্য আদায় করা হচ্ছে, যা দেশের অন্যান্য স্থানের তুলনায় দ্বিগুণ।পুলিশ সুপার মো. আজাদ মিয়া জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে। যানজট নিরসনে দ্রুত অবৈধ টমটম উচ্ছেদ করা হবে।