পর্যটকে ভরপুর কক্সবাজার সৈকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাখো পর্যটকে ভরপুর কক্সবাজার সমুদ্রসৈকত। সকালে পর্যটকেরা দলবেঁধে সমুদ্রসৈকতের কোমরসমান পানিতে নেমে গোসল করছেন। বিকেলে সৈকতে দাঁড়িয়ে পশ্চিমাকাশে অস্ত যাওয়া লাল সূর্য অবলোকন আর অন্য সময় পাহাড়-নদী-সাগর আর পাহাড়ি ঝরনা পরিদর্শন করেই সময় পার করছেন পর্যটকেরা। অনেকে ট্রলার ও জাহাজে ছুটছেন, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, সোনাদিয়া আর মহেশখালী।
হোটেল মালিকেরা বলছেন, পর্যটকের এই দৌড়ঝাঁপ ৮ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, গত ৩০ ও ৩১ জুলাই দুই দিনে কক্সবাজার ভ্রমণে এসেছে এক লাখ ২০ হাজারের বেশি পর্যটক। সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার আরও অতিরিক্ত ৫০ হাজারের বেশি পর্যটকের আগমন ঘটবে। এ কারণে সৈকততীর ও শহরের বিভিন্ন স্থানের চার শতাধিক হোটেল মোটেল গেস্টহাউসের কোনোটির কক্ষ খালি নেই।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, কয়েক কিলোমিটারের বিশাল সৈকত লাখো পর্যটকে ভরপুর।
ঢাকার কমলাপুর থেকে ভ্রমণে আসা কলেজছাত্রী ইসমত আরা বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকাল আটটায় বাস থেকে নেমেই এই সৈকতে ছুটে এসেছি। সমুদ্রে নেমে গোসল করে হোটেলে ফিরে গেছি। এখন (বিকেলে) আবার এসেছি অস্ত যাওয়া লাল সূর্য দেখতে। শনিবার রাতের বাসে ঢাকায় ফিরে যাব।’
রাজশাহী থেকে ভ্রমণে আসা ব্যবসায়ী রকিবুস সাত্তার বলেন, সন্ধ্যার পর সৈকত আলোকিত রাখার ব্যবস্থা নিলে আরও বেশি পর্যটকের সমাগম ঘটত। রাতের বেলায় বালুচরে বসানো চেয়ারে বসে স্বজনদের নিয়ে সমুদ্র দর্শন আর গর্জন অপূর্ব। কিন্তু ওই সময় ভ্রাম্যমাণ হকারের উৎপাত অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
হোটেল দি কক্স টু ডের ব্যবস্থাপক আবু তালেব শাহ বলেন, ঈদের ছুটি কাটাতে আসা পর্যটকদের জন্য সৈকততীরের ছোট-বড় সব হোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। এখন কক্ষ বুকিং না পেয়ে বহু পর্যটক দুর্ভোগের শিকার হচ্ছেন।
সৈকতের ছাতা ব্যবসায়ী মোহাম্মদ হাসান বলেন, সৈকতের কলাতলী থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটারে পর্যটকদের বালুচরে বসে সমুদ্র বিনোদন উপভোগের জন্য তাঁরা অন্তত তিন হাজার ছাতাচেয়ার বসিয়েছেন। কিন্তু পর্যটকের উপচে পড়া ভিড়ে অনেককে তাঁরা চেয়ার দিয়ে সন্তুষ্ট করতে পারছেন না।
ট্যুরিস্ট পুলিশের প্রধান (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি প্রথম আলোকে বলেন, ‘লাখো পর্যটক নিরাপদে এবং নিবিঘ্নে সৈকত ঘুরতে পারছে, এতে আমরা খুশি। আমরা চাই পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে পর্যটনশিল্প বহুদূর এগিয়ে যাক।’