পর্যটকে মুখর কক্সবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর থেকে পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছেন গৃহবধূ সায়মা জান্নাত। শনিবার সকালে লাবণী পয়েন্টে কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, এই প্রথম সমুদ্র দেখার সুযোগ হয়েছে তাঁর। সৈকতে সূর্যোদয় দেখেই মুগ্ধ তিনি। এর পর থেকেই তাঁর মাথায় ঘুরপাক খাচ্ছে সূর্যাস্তের দৃশ্য না জানি কতটা সুন্দর!
ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা ব্যবসায়ী গোলাম কিবরিয়া বলেন, ছেলেমেয়ের বার্ষিক পরীক্ষা শেষ। তাই সাত দিনের জন্য সবাইকে নিয়ে কক্সবাজারে ছুটে এসেছেন। হালকা শীতে সময়টা বেশ ভালোই কাটলেও হোটেলের ভাড়া ও খাবারের দাম নিয়ে তাঁর অভিযোগও কম নয়। তিনি জানান, সৈকত এলাকায় খাবার বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকছেন। প্রশাসনের কেউ এ বিষয়টি খেয়াল করে না বলে অভিযোগও করলেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, গোসলে নেমে কোনো পর্যটক যেন স্রোতের টানে ভেসে না যান সে জন্য সৈকতে উদ্ধারকর্মী তৎপর রয়েছেন। পর্যটকদের কাছ থেকে যাতে অতিরিক্ত হোটেল ভাড়া না রাখা হয় এবং খাবারের মান নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছেন।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সচেষ্ট রয়েছে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে পর্যটকের ঢল নেমেছে। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সৈকতের বালুচরে হইচই, দৌড়ঝাঁপ, পানিতে গা ভেজানো, সূর্যাস্ত দর্শন নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁদের। অনেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, নাফ নদীর টেকনাফ, শুঁটকিদ্বীপ সোনাদিয়াসহ বিভিন্ন দর্শনীয় স্থানও ঘুরে বেড়াচ্ছেন।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার প্রথম আলোকে বলেন, ডিসেম্বরের শেষ ১০-১২ দিন কয়েক লাখ পর্যটক থাকেন সৈকতে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে থার্টিফার্স্ট নাইট (৩১ ডিসেম্বর রাত) এখন অনেকেই সৈকতে উদ্যাপন করেন। এ বছর থার্টিফার্স্ট নাইটে আড়াই লাখের বেশি পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
আবুল কাশেম সিকদার জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত সৈকততীর ও শহরের ৪৩০টি হোটেল, মোটেল ও গেস্টহাউসের সব কক্ষ এখনই আগাম সংরক্ষণ করা হয়ে গেছে (অগ্রিম বুকিং)।
শনিবার সকাল ১০টায় সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, কয়েক হাজার পর্যটক কোমরসমান পানিতে নেমে গা ভেজাচ্ছেন। এর আগে গত শুক্রবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে লাখো পর্যটকের সমাগম ঘটে। সমুদ্র দর্শনের জন্য সৈকতে কয়েক হাজার ছাতার নিচে চেয়ার বসানো হয়েছে।
হোটেল ওশেন প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বছরের শেষের কয়েকটা দিন হোটেলের সব কক্ষ (২০০টি) অগ্রিম বুকিং হয়ে গেছে। হোটেল সি-গাল, লং-বিচ, কক্স-টুডে, কল্লোল, মিডিয়াসহ বিভিন্ন হোটেলেরও একই অবস্থা।
‘মারমেইড বিচ রিসোর্টে’র জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান জানান, তাঁদের রিসোর্টে বিদেশি পর্যটকের সমাগম ঘটছে।