
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের দুটি হোটেল-মোটেল ও ছয়টি কটেজে কক্ষ রয়েছে ৮৬টি। গত আড়াই মাসে প্রতিদিন কক্ষ ভাড়া হয়েছে তিন থেকে চারটি। এক সপ্তাহে ধরে একটি কক্ষও ভাড়া হয়নি। পর্যটন কমপ্লেক্সের কর্মকর্তাদের আশা ছিল কোরবানির ঈদে পর্যটকের ঢল নামবে। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মাত্র কয়েকটি কক্ষ বুকিং হয়েছে।
পর্যটন করপোরেশন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, ঈদুল আজহার পরদিন থেকে পরবর্তী তিন দিন শুধু পাঁচটি করে কক্ষ বুকিং রয়েছে। অথচ গত বছরের কোরবানির ঈদে ৯০ শতাংশ কক্ষ ভাড়া হয়েছিল। সড়ক যোগাযোগ পুরোদমে চালু হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশাবাদী।
শহরে বেসরকারি খাতের ৫৬টি হোটেল-মোটেলও পর্যটকশূন্য অবস্থায় রয়েছে। হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ সিদ্দিক প্রথম আলোকে বলেন, ঈদের পরের তিন দিন মাত্র ১৫টি হোটেলের পাঁচ থেকে ছয়টি করে কক্ষ ভাড়া হয়েছে। বাকি হোটেলগুলোতে কোনো বুকিং নেই। তিনি বলেন, গত আড়াই মাসে হোটেল ব্যবসা বলে কিছু ছিল না। এই ঈদে ব্যবসা হবে এমন আশা ছিল। কিন্তু পর্যটক পাওয়া যাচ্ছে না।
ইমতিয়াজ সিদ্দিক জানান, তাঁদের সমিতির অধীনে হোটেল-মোটেল আছে ৪২টি। নতুন হয়েছে আরও ১৪টি। এসব হোটেল-মোটেলে মোট কক্ষ রয়েছে প্রায় ১ হাজার।
পর্যটন খাতের ব্যবসায়ীরা বলছেন, গত ১৩ জুন পাহাড়ধসে রাঙামাটিতে ১২০ জন নিহত হওয়ার পর প্রায় দেড় মাস একেবারেই পর্যটকশূন্য ছিল রাঙামাটি। আগস্ট মাসের শেষ দিক থেকে কিছু পর্যটক এসেছে। তবে তা হাতেগোনা। ফলে লোকসানের পাল্লা ভারী হচ্ছে দিন দিন।
রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, বিপণিবিতানসহ পর্যটনের নানা খাতে প্রতিদিন গড়ে ক্ষতি হচ্ছে প্রায় ৩০ লাখ টাকা।
গত ২১ আগস্ট থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যানবাহন চলাচল করছে। এ ছাড়া রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাই ও রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কেও বাস চালু হয়েছে। এত দিন শুধু অটোরিকশা ও হালকা জিপ চলাচল করত।
এদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গত ১২ আগস্ট থেকে ডুবে আছে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। গতকাল বৃহস্পতিবার দুপুরে পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু ও নৌযান ঘাটে গিয়ে দেখা যায়, নৌযানগুলো অলস বসে আছে। কোনো দর্শনার্থী দেখা যায়নি।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্স নৌযানঘাটের ব্যবস্থাপক মো. রমজান আলী প্রথম আলোকে বলেন, পাহাড়ধসের ঘটনার পর প্রতিদিন দুই থেকে পাঁচটি নৌযান ভাড়া চলত। সেতু পানিতে ডুবে থাকার পর সেসব নৌযানও ভাড়া হচ্ছে না। পাঁচ দিন ধরে কোনো নৌযান ভাড়া হয়নি।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সসংলগ্ন বিপণিবিতানের ব্যবসায়ীরা জানান, এখানে দোকান রয়েছে অর্ধশতাধিক। এসব দোকানে বিক্রি হয় পাহাড়ি তাঁতের পোশাক ও স্থানীয়দের তৈরি নানা সামগ্রী। প্রতিটি দোকানই লোকসান দিয়ে চলেছে। অনেকে কর্মী ছাঁটাই করেছেন। বিক্রি কমে গেছে প্রায় ৭০ শতাংশ।
রাঙামাটি বেইন টেক্সটাইলের স্বত্বাধিকারী কৌশিক চাকমা প্রথম আলোকে বলেন, তাঁর কারখানায় পাহাড়ধসের আগে শ্রমিক ছিল ১৫০ জন। এখন আছে ৫০ জন। চাহিদা কমে যাওয়ায় উৎপাদন কমে গেছে। ফলে বাধ্য হয়ে শ্রমিক ছাঁটাই করতে হয়েছে তাঁকে। পর্যটন কমপ্লেক্সের বিক্রয়কেন্দ্রেও বিক্রি একেবারেই কমে গেছে।