পর্যটকের অভাবে বান্দরবানের হোটেলগুলো

বান্দরবানের হোটেল-মোটেল, পর্যটনকেন্দ্রগুলোতে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। আজ শুক্রবার ঈদের ছুটির শুরুর দিনে হোটেল-মোটেল ও অবকাশ যাপনকেন্দ্রগুলোতে কোনো আগাম ভাড়া (বুকিং) নেই। ঈদের পরের দিন থেকে দু-একটিতে কিছু বুকিং থাকলেও ওই পর্যটকেরাও শেষ পর্যন্ত আসবেন কি না, সন্দেহ-সংশয়ে রয়েছেন বলে হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা আজ শুক্রবার জানিয়েছেন।
হোটেল ব্যবসায় জড়িত এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তদের ধারণা, বৃষ্টি ও পাহাড়ধসের ভয়েই এই পর্যটক-খরা।
জেলা শহর ও শহরতলির কয়েকটি স্থানে গিয়ে দেখা যায়, পর্যটক না থাকায় নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির, শৈলপ্রপাতসহ পর্যটনকেন্দ্রগুলো ফাঁকা পড়ে রয়েছে। হোটেল-মোটেল ও অবকাশ যাপনকেন্দ্রগুলোতে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। কাজকর্ম না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। মেঘলা পর্যটন মোটেলের ব্যবস্থাপক আলো বিকাশ চাকমা বললেন, কয়েক দিন ধরে পর্যটক-শূন্যতা বিরাজ করছে। ঈদের ছুটিতে কিছু আগাম ভাড়া হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়া ও পাহাড়ধসের কারণ দেখিয়ে তা-ও পর্যটকেরা ভাড়া বাতিল করেছেন। তবে ঈদের পরের দিন অর্থাৎ ১৮ জুন থেকে ২৩ জুন মোটামুটি বুকিং রয়েছে। বুকিং বাতিল না করলেই মঙ্গল।
জেলা শহরতলির মিলনছড়িতে ঢাকাভিত্তিক গাইড ট্যুরের রেগ্রীক্ষ্যং রিসোর্টের ব্যবস্থাপক রয়েল বমও হতাশা প্রকাশ করে বললেন, লোকজন আসছে না। তাঁরা শুধু বসে বসে দিন কাটাচ্ছেন। আগে পর্যটক কম হলেও এবারের মতো পর্যটকশূন্যতা আগে কখনো হয়নি।
বাসস্টেশন-সংলগ্ন হোটেল হিলভিউতে সব সময় কম-বেশি পর্যটক থাকেন। কিন্তু গত সপ্তাহে সেখানে একজন পর্যটকও আসেনি এবং ঈদেও কোনো বুকিং নেই বলে ব্যবস্থাপক রাজীব দাশ জানালেন। জেলা শহরের সবচেয়ে পুরোনো ও পরিচিত হোটেল পূরবীর ব্যবস্থাপক দুলাল দাশ বললেন, এ বছরের মতো পর্যটক শূন্য কোনো সময় তাঁদের হোটেলে হয়নি। প্রতিবছর ঈদে কিছু না কিছু আগাম বুকিং থাকত। কিন্তু এবারে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কেউ বুকিংয়ের জন্য ফোন করেনি।
জেলা হোটেল-মোটেল ও অবকাশ যাপন কেন্দ্র মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম জানিয়েছেন, জেলা শহর ও শহরতলিতে ৫২টি হোটেল-মোটেল ও অবকাশ যাপন কেন্দ্রে একসঙ্গে পাঁচ হাজারের অধিক পর্যটকের আবাসনের ব্যবস্থা রয়েছে। কিন্তু অবিরাম বৃষ্টি, পাহাড়ধসের ভয়ে এবং ঈদে ছুটি কম হওয়ার কারণে পর্যটক না আসায় এসব ফাঁকা পড়ে রয়েছে। যাঁরা বুকিং দিয়েছেন, তাঁরাও বাতিল করেছেন। পর্যটন ব্যবসায় এ রকম ধস নামবে তাঁদের ধারণার বাইরে ছিল।
জেলা প্রশাসক কার্যালয়ের গণসংযোগ কর্মকর্তা ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আলী নুর খান বলেছেন, আবহাওয়ার কারণে পর্যটকের সংখ্যা কমেছে। দু-এক দিনের মধ্যে আকাশের অবস্থা ভালো হলে ঈদের পরে হলেও পর্যটকদের আসার সম্ভাবনা রয়েছে।