পর্যটকের ঢল, এন্তার অভিযোগ
সাগরপথে কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিনে চলাচলকারী জাহাজগুলো অতিরিক্ত যাত্রী পরিবহন ছাড়াও বাড়তি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বীপের পাঁচটি হোটেলসহ অর্ধশতাধিক কটেজে গত ১৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো সিট খালি নেই। দ্বীপে প্রতিদিন কয়েক হাজার পর্যটক রাত যাপন করছে বলে হোটেল ও কটেজ ব্যবসায়ীরা জানিয়েছেন। পর্যটকদের নিরাপত্তা ও চুরিরোধে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।কটেজ ব্যবসায়ী ছিদ্দিকুর রহমান জানান, ট্রলার ও জাহাজগুলোতে করে প্রতিদিন দেশি-বিদেশি বিপুলসংখ্যক পর্যটক আসছে। গত বছর এ পথে সাতটি জাহাজ চলাচল করলেও চলতি মৌসুমে ছয়টি জাহাজ চালু আছে। দ্বীপে প্রতিদিন কয়েক হাজার পর্যটকের সমাগম হচ্ছে বলে দাবি করেন তিনি। হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রফিক বলেন, দ্বীপে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো সিট খালি নেই।বেড়াতে আসা ঢাকার ডেমরার ইকবাল হোসেন (৩৮) ও মুন্সিগঞ্জের ব্যবসায়ী জিয়াউর রহমান (৩৮) ক্ষোভ প্রকাশ করে বলেন, এ পথে চলাচলকারী জাহাজগুলো অতিরিক্ত যাত্রী পরিবহন, টোল আদায় এবং এখানে হোটেল, কটেজগুলোতে গলাকাটা ভাড়া আদায় করছে। ৩০০ থেকে ৫০০ টাকা ভাড়া হতে পারে—এমন কক্ষের ভাড়া নেওয়া হচ্ছে দেড় থেকে আড়াই হাজার টাকা। এ ছাড়া জেটিঘাটে জনপ্রতি ৮০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। অথচ সরকারি হিসাবে জনপ্রতি আট টাকা করে টোল আদায়ের বিধি রয়েছে।সেন্ট মার্টিন দ্বীপ জেটির ইজারাদার হামজালাল অভিযোগ অস্বীকার করে বলেন, অতিরিক্ত কোনো টোল আদায় করা হচ্ছে না। সরকারি বিধি অনুযায়ী টোল আদায় করা হচ্ছে। তিনি জানান, তাঁরা কোনো পর্যটকের কাছ থেকে টোল নিচ্ছেন না। জাহাজের টিকিট কাউন্টারের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে।