পর্যটকের পদচারণে মুখরিত জাফলং
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং গতকাল পর্যন্ত মুখরিত ছিল পর্যটকদের পদচারণে। ঈদের সরকারি ছুটি শেষ হয়ে গেলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ঈদের দিন থেকে শুরু করে গতকাল পর্যন্ত পর্যটকদের পদচারণে মুখরিত ছিল জাফলং। গতকাল শুক্রবারও উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক ছিল জাফলংয়ে। জাফলংয়ের মামার দোকান থেকে পিকনিক স্পটের প্রবেশদ্বারের এক কিলোমিটার পর্যন্ত প্রত্যেক দিন দেখা যায় পর্যটকদের লম্বা গাড়ির লাইন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ছাত্রী নাদিরা সুলতানা বলেন, ‘দেশের ভেতর এত সুন্দর একটি পর্যটন এলাকা আছে, না এলে ধারণাই করতে পারতাম না।’ তবে রাস্তার দুর্ভোগের জন্য তিনি কিছুটা বিরক্ত।সাত বছরের সাকিব ব্যাংকার পিতা-মাতার সঙ্গে জাফলং দেখতে এসেছে। টলটলে পানি আর নৌকা দেখে সে দারুণ উচ্ছ্বসিত। কেমন লাগছে প্রশ্ন করায় তার সপ্রতিভ উত্তর, ‘খুব মজা লাগছে।’ গতকাল ছিল ছুটির দিন। তাই ভিড়ও বেশি। শীতের বিকেল। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে এক প্রবাসী পরিবার বেড়াতে এসেছে জাফলংয়ে। রনি ও জনি দুই ভাই পিয়াইন নদীর হাঁটুপানিতে দাপাদাপি করছিল। রনি আমেরিকা থাকেন ১০ বছর ধরে। রনি বলেন, পরিকল্পনামতো জাফলংকে গড়ে তুলতে পারলে বিদেশি পর্যটকদের ঢল নামবে এখানে।সাইমন এমসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি জানান, সরকার উদ্যোগী হলে জাফলংকে দেশের সেরা পর্যটন কেন্দ্রে পরিণত করা যেত। জৈন্তাপুরের একটি কলেজের প্রভাষক মঞ্জুর আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, পৃথিবীতে খুব কম জায়গাই আছে জাফলংয়ের মতো সুন্দর। কিন্তু সংরক্ষণের অভাবে জাফলং হারাচ্ছে তার নিজস্ব সৌন্দর্য। জাফলং হোটেলের ম্যানেজার আরমান উদ্দিন জানান, ‘বছরের দুই ঈদে আমাদের ভালো ব্যবসা হয়। বাইরের মানুষকে সেবা দিয়ে আমরা আনন্দ পাচ্ছি।’পানের বাজার জমজমাট: সিলেটের খাসিয়া পানের সুনাম দেশ-বিদেশে। গতকাল দেখা গেল পর্যটন কেন্দ্র জাফলংয়ের মামার দোকানে কয়েকজন ব্যবসায়ী শুধু পান বিক্রি করছেন। এক মুঠ পান ১০ টাকা। এক বিড়া (তিন মুঠ) পানের দাম ২০ টাকা। দেদার বিক্রি হচ্ছে পান। পানবিক্রেতা পুতুল বাবু জানান, গত কয়েক দিনে যত পান বিক্রি করেছি, গত এক বছরেও এত পান বিক্রি করতে পারিনি। পানের ক্রেতা চট্টগ্রামের দামপাড়ার ব্যবসায়ী জিতু বড়ুয়া বলেন, ‘পান খাই না কিন্তু শখে কিনে নিচ্ছি।’ মামার দোকানে যেন মেলা বসেছে: পর্যটন স্পট, পিয়াইন নদী, জিরো পয়েন্ট, খাসিয়াপুঞ্জি শুধু নয়। পর্যটকের ভিড় মামার দোকানের খেলনার দোকানে, শিল-নড়ার দোকানেও। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ মিয়া বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় হয়। তাই আমরা নিরাপত্তাও জোরদার করেছি।উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, যেকোনো ছুটিতে জাফলংয়ে যে পরিমাণ পর্যটক আসে, তা পর্যটন শিল্পের জন্য ইতিবাচক। আমরা চাই সরকার এ ব্যাপারে দৃষ্টি দেবে।