পর্যটকের পদচারণে মুখরিত সেন্ট মার্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ এখন পর্যটকদের পদচারণে মুখরিত। বিজয় দিবস উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি এবং বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় ভ্রমণবিলাসী ও প্রকৃতিপ্রেমীরা এখানে ছুটে আসছে। এখানকার হোটেল ও কটেজে সিট খালি না পেয়ে অনেককে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে রাত কাটাতে হচ্ছে।ঢাকার সাভার থেকে বেড়াতে আসা মামুন (১৮), হামিদ (২৪), রাইসা (১৯), জুয়েল (৩০), শিউলীসহ (২২) কয়েকজন জানান, সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় আসার আগের প্রায় ৪৩ কিলোমিটার বেহাল পাকা সড়কের ভোগান্তি ভোলার নয়। সড়কের বিভিন্ন স্থান খানাখন্দে ভরা। এসব গর্ত পর্যটকদের ভোগান্তি বাড়িয়েছে।চট্টগ্রামের সংবাদকর্মী মিতা (২৫) ও আলেয়া (২৮) জানান, বিজয় দিবসের ছুটি কাটাতে তাঁরা ১০ জন সংবাদকর্মী একটি মাইক্রোবাসে এখানে এসেছেন। আসার সময় যে ভোগান্তি পোহাতে হয়েছে, তা তাঁদের সারা জীবন মনে থাকবে। তবে বেড়াতে এসে তাঁদের মন ভরে গেছে।পঞ্চগড়ের দম্পতি হাসান খুরশেদ (৩৫) ও তাসিয়া হাসান (২৬) ক্ষোভের সঙ্গে জানান, এখানে হোটেল ও কটেজগুলোয় গলাকাটা ব্যবসা শুরু হয়েছে। দুই খাটের একটি কক্ষের ভাড়া চার হাজার টাকা। অথচ এর ভাড়া এক হাজারের বেশি হতে পারে না। স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় ব্যবসায়ীরা গলাকাটা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।সেন্ট মার্টিন দ্বীপের হোটেল ব্যবসায়ী আবু তালেব ও শাহ আলম জানান, ১৫ দিন আগে তাঁদের সব কটি হোটেল ও কটেজ ভাড়া হয়ে গেছে। কিছু ব্যবসায়ী অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এঁদের কারণে এখানকার হোটেল ও কটেজ ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।সেন্ট মার্টিন দ্বীপের জেটির ইজারাদারের উশুলকারক জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত প্রতিদিন ১০-১২ হাজার পর্যটকের কাছ থেকে উশুল আদায় করেছি।’ এ ব্যাপারে সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের বাড়তি সদস্য না থাকায় পর্যটকদের নিরাপত্তা দিতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।’সেন্ট মার্টিন দ্বীপের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, ‘এই মৌসুমের শুরুতে অল্পসংখ্যক পর্যটক এ দ্বীপে এলেও গত বৃহস্পতিবার থেকে প্রতিদিন ১০-১২ হাজারের মতো পর্যটক এসেছে। অনেকে দ্বীপের হোটেল ও কটেজে সিট না পেয়ে জেটিঘাট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সৈকতের পাশে রাত কাটিয়েছে।’টেকনাফ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘সেন্ট মার্টিন দ্বীপের হোটেল ও কটেজ ব্যবসায়ীদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক দিনে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকার আইনশৃঙ্খলা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’