পর্যটকের ভিড় নেই খাগড়াছড়িতে
ঈদের মৌসুমে এখনো ফাঁকা পড়ে আছে খাগড়াছড়ি পর্যটনকেন্দ্রগুলো। এতে লোকসান গুনছেন হোটেল-মোটেল মালিকেরা। পর্যটক না থাকায় তাঁতের কাপড়, হস্তশিল্প ব্যবসায়ী ও রেস্তোরাঁর মালিকেরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
গত রোববার ও সোমবার খাগড়াছড়ি শহর ও শহরের বাইরে বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে ফাঁকা দেখা যায়। রেস্তোরাঁ ও হস্তশিল্পের দোকানগুলোতে লোকজনের ভিড় ছিল না। খাগড়াছড়িতে হোটেল-মোটেলের সংখ্যা ৩৭টি।
জেলা পরিষদ পার্কে পরিবার নিয়ে বেড়াতে আসেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁদের একজন সালমা বেগম বলেন, ‘কোনো বছর ঈদের সময় এমন ফাঁকা দেখিনি। অথচ আগে ঈদের সময় পার্কে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হতো।,
আলুটিলা পর্যটনকেন্দ্রের টিকিট বিক্রেতা লোকনাথ ত্রিপুরা বলেন, প্রতিবছর ঈদের দিন ২ থেকে ৩ হাজার টিকিট বিক্রি হয় অথচ সোমবার পর্যন্ত ৩১১টি টিকিট বিক্রি হয়েছে।
খাগড়াছড়ির হোটেল গাইরিং-এর ব্যবস্থাপক মো. নয়ন বলেন, তাঁদের হোটেলে ৩৭টি কক্ষ রয়েছে। সোমবার পর্যন্ত মাত্র ৩টি কক্ষ বুকিং আছে। অথচ গত বছর ঈদের আগে ও পরে এক সপ্তাহ পর্যন্ত কোন কক্ষ খালি ছিল না।
খাগড়াছড়ি হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক এস অনন্ত ত্রিপুরা বলেন, গত ১৩ জুনের পাহাড়ধসের পর থেকে হোটেল ব্যবসা বলে কিছুই নেই। সাজেকে যাওয়ার সড়কটিতেও পাহাড়ধসে প্রায় সময় যান চলাচল বন্ধ থাকায় পর্যটক তুলনামূলক কম আসছেন বলে জানান তিনি।
খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের সভাপতি সুদর্শন দত্ত বলেন, পাহাড়ধসের পর থেকে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, বিপনিবিতানসহ পর্যটনের নানা খাতে প্রতিদিন গড়ে ক্ষতি হচ্ছে প্রায় ১০-১৫ লাখ টাকা।