পর্যটকেরা ভোগান্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে বিধ্বস্ত জেটির পার্কিং পয়েন্ট দীর্ঘদিন ধরে মেরামত না করায় দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় জনগণকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। এ জেটি দিয়ে ওঠানামা করতে গিয়ে প্রতিনিয়ত লোকজন দুর্ঘটনায় পড়ছে। জেলা পরিষদ জেটির ইজারা দিয়ে প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় করলেও সিডরের আঘাতে পর্যটকদের ওঠানামার জেটির পার্কিং পয়েন্ট বিধ্বস্ত হয়ে পড়লে এখন পর্যন্ত কোনো ধরনের মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন দেশি-বিদেশি পর্যটক, শিক্ষার্থী, ভিআইপি ও স্থানীয় জনগণ সেন্ট মার্টিন ভ্রমণে এসে জেটির পার্কিং পয়েন্টের এই করুণ দশা দেখে অসন্তুষ্টি প্রকাশ করছেন। টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এলসিটি কুতুবদিয়া ও কেয়ারী সিন্দাবাদের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান রাসেল ও শাহ আলম বলেন, ‘পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে জেটি রক্ষায় জরুরি ভিত্তিতে পার্কিং পয়েন্ট পুনর্নির্মাণ করার দাবি করছি।’সেন্ট মার্টিন দ্বীপের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলহাজ মাওলানা ফিরোজ আহমদ খান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে কিছু বালুর বস্তা ফেলে কোনোরকমে দ্বীপের সঙ্গে জেটির যোগাযোগ রক্ষা করা হয়েছে। এই বালুর বস্তাগুলো জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে। আসন্ন পর্যটন মৌসুমে মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সেন্ট মার্টিনে ঢাকার মোহাম্মদপুর থেকে সপরিবারে বেড়াতে আসা পর্যটক রফিকুল হাসান বলেন, জেটিতে কোনো পার্কিং পয়েন্ট নেই, নেই কোনো সিঁড়িও। যেকোনো সময় লোকজন ওঠানামায় দুর্ঘটনা ঘটতে পারে। জেটির ইজারাদারের উসুলকারক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সরকার-নির্ধারিত কর দিয়ে জেটি ইজারা নিয়েছি। তার পরও প্রতিনিয়ত বালুর বস্তা দিয়ে পর্যটক ওঠানামা করছে। প্রতি জোয়ারে বালুর বস্তা ভেসে যাওয়ায় ঝুঁকিতে পর্যটক ওঠানামা করছেন।’সেন্ট মার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, প্রতি মাসে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভায় এ প্রসঙ্গে বলা হলেও কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আগামী কিছুদিনের মধ্যে পর্যটকের সংখ্যা বেড়ে যাবে। তখন গত বছরের মতো একাধিক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।টেকনাফ উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ আমিন উল্লাহ বলেন, এই জেটির যাবতীয় দায়দায়িত্ব কক্সবাজার জেলা পরিষদের। এলজিইডির নয়। জেলা পরিষদ এ জেটির রক্ষণাবেক্ষণ, সংস্কার, মেরামতসহ যাবতীয় দায়ভার বহন করার দায়িত্বে রয়েছে বলে তিনি জানান।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, এ জেটির পার্কিং পয়েন্টের মেরামত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে জেলা পরিষদকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।