বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেছেন, কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিন নিয়ে পর্যটন এলাকা গড়ে তোলার জন্য একটি মাস্টারপ্ল্যান করা হয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশের পাশাপাশি ‘কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি’ গঠন করার প্রস্তাবও দেওয়া হয়েছে।গতকাল রোববার ‘পর্যটনশিল্পের বিকাশে পর্যটন শিক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামের একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে।বাংলাদেশে অভ্যন্তরীণ পর্যটন বাড়লেও আন্তর্জাতিক পর্যটন কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি উল্লেখ করে মন্ত্রী বলেন, শিল্প হিসেবে পর্যটন খাতের বিকাশের মূল অন্তরায় সামাজিক সচেতনতার অভাব। পর্যটনের মাধ্যমে যে জীবনমানের পরিবর্তন হতে পারে, সেটা এ দেশের মানুষ মনে করে না।জি এম কাদের বলেন, ‘আমাদের পর্যটন সম্ভাবনা অসীম। প্রচারণা চালানো হলে অনেকে বাংলাদেশ ভ্রমণে আগ্রহী হবেন। পর্যটন শিক্ষা দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং দারিদ্র্য দূরীকরণে এই শিক্ষা বিশেষ ভূমিকা রাখবে।’সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও হোটেল ম্যানেজমেন্ট বিভাগের সমন্বয়ক আলী ইকরামুল হক।সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক এ এন এম আবদুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ জে এম নুরুদ্দিন চৌধুরী। সেমিনারের পাশাপাশি সাউদার্ন ইউনিভার্সিটি আয়োজন করে এক ভর্তি মেলার। মেলা উপলক্ষে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।