পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি
পর্যটন এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ১২ দফা দাবি জানিয়েছেন আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা। সেন্ট মার্টিনে ঘুরতে গিয়ে মারা যাওয়া শিক্ষার্থীদের স্মরণে গতকাল শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ মানববন্ধনে বলেন, ‘আমাদের ছয়জন সহপাঠীকে হারিয়ে আমরা শোকাহত। সরকারের বিরুদ্ধে নয়, বরং সরকার ও দেশের পর্যটন খাতের উন্নয়নের জন্য আমাদের এই আয়োজন।’
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ছয়জন ছাত্রকে হারিয়ে পুরো ক্যাম্পাস শোকাহত। ছাত্রদের দাবির সঙ্গে আমরা একমত। যে দুজন ছাত্র নিখোঁজ রয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’
অন্যতম দাবিগুলো হলো: প্রতিটি পর্যটক দলের সঙ্গে একজন প্রশিক্ষিত গাইড নিয়োগ বাধ্যতামূলক করা, প্রশিক্ষণপ্রাপ্ত পর্যাপ্ত পুলিশ সদস্য পর্যটন এলাকায় নিশ্চিত করা, সমুদ্রের জন্য লাইফ গার্ডের সংখ্যা বাড়ানো, বিপজ্জনক পর্যটন এলাকায় বিশেষ সতর্কতামূলক সাইন ব্যবহার করা, প্রতিটি পর্যটন এলাকায় ‘রেডন’ হিসেবে চিহ্নিত করার পাশাপাশি জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা এবং বিষয়টি তদারকি করতে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী নিয়োগ করা, পর্যটন এলাকায় মেডিকেল ইউনিট স্থাপন ও মোবাইল ফোন যোগাযোগের ব্যবস্থা রাখা ইত্যাদি।