পর্যটন করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন সংস্থার উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন।
গ্রেপ্তার হওয়া ওই কর্মকর্তার নাম সৈয়দ মো. নাজমুল আরেফীন। তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের ডিপ্লোম্যাটস অ্যান্ড প্রিভিলেজড পারসন্স ট্যাক্স ফ্রি শপের সাবেক নির্বাহী কর্মকর্তা (বর্তমানে করপোরেশনের পিটিএস বিভাগের উপব্যবস্থাপক)।
সৈয়দ নাজমুল আরেফীনের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কূটনীতিক ও বিশেষ সুবিধাভোগী ব্যক্তিদের জন্য করমুক্ত দোকানের বিভিন্ন ব্র্যান্ডের মদ খোলাবাজারে বিক্রি করে ৪ কোটি ৯১ লাখ ১ হাজার ৪৯৭ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। এ অভিযোগে ২০০৬ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে মামলা হয়।
দুদক সূত্র জানায়, কূটনীতিক ও বিশেষ সুবিধাভোগী ব্যক্তিদের নামে ইস্যু করা ২১৬টি জাল পাস বইয়ের বিপরীতে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিপুল পরিমাণ মদ ও সিগারেট করপোরেশনের দোকান থেকে তুলে নিয়ে খোলাবাজারে বিক্রি করে দেওয়া হয়। করমুক্ত এ দোকানের পণ্য শুধু কূটনীতিক ও বিশেষ সুবিধাভোগীদের জন্য। ওই সব পণ্য বিক্রি করে দেওয়ার মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ করা হয়।