পর্যটন খাতকে অবরোধের বাইরে রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পর্যটন খাতকে অবরোধের আওতামুক্ত রাখার আহ্বান জানিয়েছেন এই খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ টুরিজম বোর্ডের মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান বলেন, ‘টানা অবরোধে দেশের পর্যটন খাত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতের ব্যবসায়ীরা অনুরোধ জানাচ্ছেন, পর্যটন খাতকে যেন সব রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখা হয়।’
টুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক তৌফিক রহমান বলেন, ডিসেম্বর থেকে মার্চ—এই সময়টা পর্যটন মৌসুম। কিন্তু এ বছর অবরোধের কারণে বিদেশি পর্যটকেরা তাঁদের যাত্রা বাতিল করছেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খাতের সঙ্গে জড়িত সবাই।
টোয়াবের সাবেক সভাপতি ফরিদুল হক বলেন, ‘২০১৩ সালের টানা রাজনৈতিক সহিংসতার পর পর্যটন খাত ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আগেই আবারও অবরোধ। এর ফলে পর্যটনশিল্প দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই পর্যটনকে অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানাচ্ছি আমরা।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোক্তার হোসেন চৌধুরী, টোয়াবের পরিচালক সৈয়দ মাহবুবুল ইসলাম, মাসুদ হোসেন, সদস্য সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ, সৈয়দ জি কাদের, সুমন তালুকদার প্রমুখ।