পর্যটন খাতকে অবরোধের বাইরে রাখার আহ্বান

দেশের পর্যটন খাতকে অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন এই খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মিলনায়তনে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান বলেন, ‘টানা অবরোধে দেশের পর্যটন খাত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতের ব্যবসায়ীদের অনুরোধ, পর্যটন খাতকে সব রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে যেন রাখা হয়।’
টুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক তৌফিক রহমান বলেন, ‘ডিসেম্বর থেকে মার্চ-এই সময়টা পর্যটন মৌসুম। কিন্তু এ বছর অবরোধের কারণে বিদেশি পর্যটকেরা তাঁদের যাত্রা বাতিল করছেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খাতের সঙ্গে জড়িত সবাই।’ এভাবে চলতে থাকলে আগামী তিন মাসেই আশি থেকে এক শ কোটি টাকার ক্ষতি হবে দাবি করে তৌফিক রহমান বলেন, ‘সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা বিদেশি পর্যটকদের নিরাপত্তা দিন। আর বিরোধী দলের কাছে অনুরোধ, পর্যটকবাহী গাড়িতে দয়া করে হামলা চালাবেন না।’
পর্যটনকে অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়ে টোয়াবের সাবেক সভাপতি ফরিদুল হক বলেন, ২০১৩ সালের টানা রাজনৈতিক সহিংসতার পর পর্যটন খাত ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আগেই আবারও অবরোধ। এর ফলে পর্যটনশিল্প দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা চেম্বারের পরিচালক মোক্তার হোসেন চৌধুরী, টোয়াবের পরিচালক সৈয়দ মাহবুবুল ইসলাম, মাসুদ হোসেন, সদস্য সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ, সৈয়দ জি কাদের, সুমন তালুকদার, এভিয়েশন ও পর্যটন সাংবাদিকদের সংগঠন এটিজেএফবির আহ্বায়ক নাদিরা কিরন প্রমুখ।
সংবাদ সম্মেলনে পর্যটন খাতের স্বার্থে তিন দফা দাবি জানানো হয়। এগুলো হলো-পর্যটকবাহী গাড়িকে সব রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখা, বিদেশি পর্যটকদের নিরাপত্তা দেওয়া এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া।