পর্যটন খাতে আয় কমেছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ২০১৬ সালে পর্যটন খাত থেকে ৮০৭ কোটি ৩২ লাখ টাকা আয় হয়েছে। এর আগের বছর আয় ছিল ১ হাজার ১৩৬ কোটি ৯ লাখ টাকা।
মন্ত্রী বলেন, ২০১৪ সালে পর্যটন খাত আয় হয়েছে ১ হাজার ২২৭ কোটি ৩০ লাখ টাকা, ২০১৩ সালে ছিল ৯৪৯ কোটি ৫৬ লাখ টাকা, ২০১২ সালে ছিল ৮২৫ কোটি ৪০ লাখ টাকা, ২০১১ সালে ৬২০ কোটি ১৬ লাখ টাকা, ২০১০ সালে ৫৫৬ কোটি ২৯ লাখ টাকা এবং ২০০৯ সালে ৫৭৬ কোটি ২২ লাখ টাকা আয় ছিল।
আজ বুধবার জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন এ তথ্য জানান।
সরকারি দলের এস এম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, আগে কয়েক বছর ধারাবাহিকভাবে বাংলাদেশ বিমান লোকসান করলেও গত দুই অর্থবছরে বিমান লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পুরোনো এফ ২৮, ডিসি ১০-৩০ ও এ ৩১০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করার কারণেই আগে বিমানের লোকসান হয়েছিল। এগুলোর মেরামত, রক্ষণাবেক্ষণ ও জ্বালানি ব্যয় অত্যধিক ছিল। এ ছাড়া ঋণ নিয়ে উড়োজাহাজ কেনার বিপরীতে ডেট সার্ভিসিং ব্যয় বৃদ্ধি এবং লিজ নেওয়া উড়োজাহাজের অর্থ পরিশোধের কারণে বিমান লোকসানে ছিল।