পর্যটন খাতে প্রণোদনা প্রয়োজন: মেনন

বাংলাদেশের পর্যটনশিল্প এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে এ শিল্প বিরাট অবদান রেখে চলেছে। পর্যটন খাতের জন্য প্রণোদনা প্রয়োজন মন্তব্য করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আলোচনার কথাও বলেন মন্ত্রী।
রাজধানীর হোটেল অবকাশে আজ বুধবার এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। আগামী অর্থবছরের বাজেট সামনে রেখে বাজেট-পূর্ব এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, তাবেলা সিজার ও কুনিও হোশি হত্যা এবং হলি আর্টিজানের মতো ঘটনাকে পেছনে ফেলে বিদেশি পর্যটক আসার ক্ষেত্রেও আশাব্যঞ্জক উন্নতি ঘটেছে। গত বছর ছয় লাখের বেশি বিদেশি পর্যটক এসেছে। জাতিসংঘের টুরিজম-বিষয়ক অঙ্গসংগঠন ইউএনডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড টুরিজম কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশের পর্যটন খাতে প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৫০০টি। পরোক্ষ কর্মসংস্থান হয়েছিল ২৩ লাখ ৪৬ হাজার, যা মোট কর্মসংস্থানের ৪ দশমিক ১ ভাগ।
সভায় আগামী অর্থবছরের বাজেটে এভিয়েশন ও পর্যটন খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেন এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় এভিয়েশন ও পর্যটনশিল্পের বিকাশে শুল্কমুক্ত পর্যটক গাড়ি আমদানি, ট্রানজিট ট্যাক্স প্রত্যাহার, এয়ার টিকিটের ওপর ভ্যাট প্রত্যাহার, বিমানের জ্বালানির দাম কমানোসহ নানা দাবি উত্থাপন করা হয়।
অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘অর্থ মন্ত্রণালয় নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। আমরা বরাদ্দ ঠিক করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে। পর্যটন খাতে শুল্কমুক্ত গাড়ি আমদানির বিষয়টি আমরা বিবেচনা করব।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান বলেন, ‘ট্যাক্সের ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজন রয়েছে। আমাদের পর্যটন খাতকে অগ্রাধিকার দিতে হবে। পর্যটন খাতের ব্যবসায়ীদের অ্যাওয়ার্ড ও সিআইপি ঘোষণার উদ্যোগ নিলে ব্যবসায়ীরা উৎসাহী হবেন।’
অনুষ্ঠানে আরও আলোচনা করেন বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, টুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াবের) পরিচালক ও প্যাসিফিক এশিয়া ট্রাভেল লিমিটেড (পিএটিএ) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (আটাব) এস এন মঞ্জুর মোর্শেদ, মহাসচিব আবদুস সালাম, মনিটর সম্পাদক ওয়াহিদুল আলম ও এটিজেএফবির সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার। এটিজেএফবির সভাপতি নাদিরা কিরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।