পর্যটন খাতে বাজেট বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনশিল্পের বিকাশে এই খাতে সরকারি বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া প্রয়োজনে আলাদা মন্ত্রণালয় গঠন, শুল্কমুক্ত গাড়ি আনা ও ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার দাবি জানানো হয়।
গতকাল শুক্রবার রাজধানীর পর্যটন হোটেল অবকাশে এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন পর্যটন খাতের বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার কথা বলেন। তিনি বলেন, ২০১৬ সালকে পর্যটনবর্ষ ঘোষণা করা হয়েছে। এ জন্য ‘বিউটিফুল বাংলাদেশ’ লোগো ঠিক করা হয়েছে। এ ছাড়া পর্যটন খাতের বিকাশে ২০০ কোটি টাকার বাজেট চাওয়া হয়েছে। পর্যটন খাতের উন্নয়নে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এম সানাউল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।