পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান
পর্যটন খাতে বিনিয়োগ করতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, সরকার চলতি ২০১৬ সালকে ‘পর্যটন বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। আগামী তিন বছরে বিপুল পর্যটককে এ দেশে নিয়ে আসার লক্ষ্যে দেশকে প্রস্তুত করা হচ্ছে। খবর তথ্যবিবরণীর।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘পর্যটন বর্ষ ২০১৬: বাংলাদেশের পেনাল্টি শুট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ রাশিদুল হাসান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবীর, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমেদ প্রমুখ।