বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ২০১৮ সালের মধ্যে এ খাতে সাড়ে ৩ লাখ মানুষের কর্মসংস্থান হবে।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
পর্যটক আকৃষ্ট করতে আগামী মাস থেকে দেশে ও দেশের বাইরে প্রচার চালানোর কথা উল্লেখ করেন রাশেদ খান মেনন বলেন, ‘আমরা চীন, থাইল্যান্ড, ভুটান, ভারত, মিয়ানমার, মালয়েশিয়া থেকে পর্যটক আকৃষ্ট করতে চাই। সম্ভাবনার দিক পোশাকশিল্পের পরই আমাদের পর্যটন খাত হতে পারে।’ তিনি বলেন, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে পর্যটন বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
বিমানমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হবে। সেই সঙ্গে পদ্মার ওপারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নামে দেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ জন্য চারটি স্থানে প্রাক সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্পর্কে এক প্রশ্নের জবাবে মেনন বলেন, ছয় বছর টানা লোকসানের পর গত বছর বিমান লাভের মুখ দেখেছে। চলতি বছরও লাভে থাকবে। তিনি বলেন, লোকসানের মূল কারণ ছিল পুরোনো উড়োজাহাজ।
ইউনিয়ন পরিষদ নির্বাচন-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রাশেদ খান মেনন বলেন, ‘নির্বাচন কমিশন এখন যে পদক্ষেপগুলো নিয়েছে, সেটি আগেই নেওয়ার দরকার ছিল। আমি মনে করি, নির্বাচন কমিশন যথাযথভাবে পদক্ষেপ নিতে পারেনি।’
সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরে বিমানমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের পর আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক যাত্রাপথে ফিরে আসতে পেরেছি। রাষ্ট্রীয় চার মূলনীতিতে ফিরেছি। যদিও কিছু অসংগতি রয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম রয়ে গেছে। সংবিধান সংশোধনের সময় আমরা এর বিরোধিতা করেছি। রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদ-মৌলবাদ-সাম্প্রদায়িকতার যে পৃষ্ঠপোষকতা দেওয়া হতো, তা দূর হয়েছে।’
সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এই মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।