পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজন প্রচারভিত্তিক বিপণন: পর্যটনমন্ত্রী
পর্যটন খাতের উন্নয়নে প্রচারভিত্তিক বিপণন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। গতকাল শুক্রবার নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘কিলিমানজারো বিজয় এবং বাংলাদেশের পর্যটন’ শীর্ষক এ সংবাদ সম্মেলন হয়। এতে মুসা ইব্রাহীম আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত তানজানিয়ায় অবস্থিত ১৯ হাজার ৩৪০ ফুট উঁচু কিলিমানজারো জয়ের বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও উপস্থাপন করেন। পর্যটন দূত হিসেবে তানজানিয়ায় কর্মকাণ্ডও অনুষ্ঠানে দেখানো হয়। মুসা ইব্রাহীম ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়াজ মোরশেদ পাটওয়ারী গত ১২ সেপ্টেম্বর কিলিমানজারো জয় করেন। অপর অভিযাত্রী বর্ষীয়ান এম এ সাত্তার ১৫ হাজার ফুট পর্যন্ত উঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সমতলে ফিরে আসেন।পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন খাতের উন্নয়নে মাত্র আট বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রয়েছে, যা খুব সামান্য। এ ছাড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে জনবলের সংকট রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের তরুণেরা এখন কঠিন পর্বত জয় করছেন। তাঁরা বাংলাদেশের পর্যটনকেও বিদেশে প্রচার করছেন।বিশেষ অতিথি সামিট গ্রুপের চেয়ারম্যান এম আজিজ খান বলেন, মুসা ইব্রাহীমের নেতৃত্বে নিয়াজ মোরশেদ পাটওয়ারী ও এম এ সাত্তার কিলিমানজারো জয় করে আমাদের ইতিবাচক পথ দেখতে এবং কার্যক্ষেত্রে তা প্রমাণ করার দিকনির্দেশনা দিয়েছেন। জেএনএন অ্যাসোসিয়েট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ এইচ কাফি বলেন, বাংলাদেশি তরুণদের এভারেস্ট জয়, কিলিমানজারো জয় এবং পরে আরও পাঁচটি শৃঙ্গ জয় করার বাসনা নতুন প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করবে। বাংলাদেশে তানজানিয়ার অনারারি কনসাল এম রফিকুল ইসলাম বলেন, এনএসিবির এ দলটি কিলিমানজারো জয়ের পর তানজানিয়ায় বাংলাদেশের পর্যটনকে তুলে ধরেছে।এনএসিবির সভাপতি ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক অভিযাত্রীদের আর্থিক সাহায্য করায় সামিট গ্রুপ, জেএনএন অ্যাসোসিয়েট, শাহ্ সিমেন্ট, এমিরেটস ও দ্য ডেইলি স্টারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এনএসিবির তরুণেরা বিদেশে গিয়ে বাংলাদেশের সামর্থ্যকে প্রমাণ করে চলেছেন। তিনি এ সংগঠনকে অর্থসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সাহায্য দিয়ে বিভিন্ন অভিযানে উৎসাহিত করার আহ্বান জানান।এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম জানান, বিশ্বের সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া জয়ের জন্য ‘সেভেন সামিট’ অভিযানের অংশ হিসেবে কিলিমানজারো জয় হয়েছে। ডিসেম্বরে তাঁরা অ্যান্টার্কটিকার (দক্ষিণ মেরু) ১৬ হাজার ৬৭ ফুট উচ্চতার মাউন্ট ভিনসন পর্বত অভিযানে যাবেন।অনুষ্ঠানে এনএসিবির সহসভাপতি ও প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।