পর্যটন দিবসে কক্সবাজার সৈকতে শত বন্ধুর পরিচ্ছন্নতা কর্মসূচি

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজার সমুদ্রসৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন ফেসবুকভিত্তিক ‘এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ’ গ্রুপের সদস্যরা। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির সঙ্গে মানুষকে সচেতন করতে শোভাযাত্রাও বের করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে শতাধিক মানুষের অংশগ্রহণে কক্সবাজার সমুদ্রসৈকতে এ কর্মসূচি পালন করা হয়।
কক্সবাজার সমুদ্রসৈকতে ময়লা-আবর্জনা পরিষ্কারের এই অনুষ্ঠানে স্থানীয় সাংসদ সায়মুন সরওয়ার কলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিকে স্বাগত জানিয়ে কক্সবাজার জেলা ট্যুরিস্ট সংস্থা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, এ উদ্যোগ মানুষকে সচেতন করবে। দেশের পর্যটন বিকাশে একটি পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হবে।
কর্মসূচির সমন্বয়ক মুহিত রহমান চৌধুরী বলেন, ফেসবুক গ্রুপটি সারা দেশের ২০০১ সালের এসএসসি ও ২০০৩ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। এর আগেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
মুহিত রহমান চৌধুরী বলেন, ‘কক্সবাজার পৃথিবীর অন্যতম আকর্ষণীয় সমুদ্রসৈকত। তাই আমরা ২০০১ সালে যারা এসএসসি ও ২০০৩ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, সেই সমমনা বন্ধুরা কক্সবাজারে এসেছি। দিনব্যাপী কর্মসূচিতে পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি আমরা পর্যটকদের সৈকত পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করেছি।’