পর্যটন দিবসে ফুল দিয়ে বিদেশিদের স্বাগত জানানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর শনিবার । ওই দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা সব বিদেশি পর্যটককে রজনীগন্ধা ফুল দিয়ে স্বাগত জানানো হবে। এ ছাড়া পর্যটন দিবস উপলক্ষে সভা, সেমিনার, বিতর্ক, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

আজ সোমবার বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান বাংলাদেশ পর্যটন বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান। ‘স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন’ স্লোগান নিয়ে এ বছর বিশ্ব পর্যটন দিবস পালিত হতে যাচ্ছে।

আখতারুজ্জামান খান বলেন, বহুমাত্রিকতা ও ব্যাপ্তির কারণে পর্যটনশিল্প বিশ্বে বৃহত্তম শিল্পে পরিণত হয়েছে। স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে পর্যটন ব্যাপক ভূমিকা পালন করে থাকে। আবার স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন ও কর্মসংস্থানেও পর্যটন গুরুত্বপূর্ণ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘অভ্যন্তরীণ পর্যটন বাড়লে বিদেশি পর্যটকও বাড়বে। কাজেই আমরা অভ্যন্তরীণ পর্যটন বাড়ার দিকে নজর দিতে চাই।’

দিবসটিকে সামনে রেখে বাংলাদেশ টুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন শোভাযাত্রা, আলোচনা সভা, সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, পর্যটনবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে খাদ্য ও আবাসনের ওপর বিশেষ ছাড়, সড়কদ্বীপে সজ্জা, আলোকসজ্জা, খাদ্য উৎসব, ব্যানার-ফেস্টুনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।