পর্যটন দিবসে রাঙামাটি জেলা পরিষদ নীরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় পর্যটন হস্তান্তর চুক্তি নিয়ে হতাশার কারণে পর্যটন দিবসে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কোনো কর্মসূচি দেখা যায়নি। আগের মতোই পর্যটন দিবস উদ্যাপন করেছে রাঙামাটি জেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন করপোরেশন।
স্থানীয় পর্যটনশিল্পের উদ্যোক্তারা জানান, তাঁরা আশা করেছিলেন পর্যটন হস্তান্তরিত হওয়ায় পার্বত্য জেলা পরিষদ দিবসটি জাঁকজমকপূর্ণভাবে পালন করবে। এতে তাঁদেরও অংশগ্রহণ থাকবে। কিন্তু জেলা পরিষদের পক্ষ থেকে সে ধরনের কোনো উদ্যোগ না থাকায় উদ্যোক্তারা হতাশ হয়েছেন।
বেসরকারি পর্যটনশিল্পের উদ্যোক্তা সংগঠন রাইন্যা টুগুন ইকো রিসোর্টের চেয়ারম্যান ললিত সি চাকমা বলেন, ‘স্থানীয় পর্যটন জেলা পরিষদের কাছে হস্তান্তর হয়েছে। তাদের উচিত ছিল জেলা প্রশাসন এবং পর্যটন করপোরেশনের সঙ্গে যৌথভাবে দিবসটি পালন করা। তা না হলে নিজস্ব উদ্যোগেও করা যেত। এ ব্যাপারে জেলা পরিষদের নির্লিপ্ততা হতাশাজনক।’
রাঙামাটি আবাসিক হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ বলেন, ‘পর্যটন দিবস উদ্যাপনের জন্য আমরা রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে গেছি। তিনি ব্যস্ততা এবং স্থানীয় পর্যটন হস্তান্তরের গেজেট না পাওয়ার কথা উল্লেখ করে দিবসটি পালন করা হচ্ছে না বলে জানিয়েছেন।’
পার্বত্য জেলা পরিষদগুলোকে তত্ত্বাবধান ও সমন্বয়কারী সংস্থা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ‘স্থানীয় পর্যটন’ হস্তান্তর চুক্তিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন।
রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে পরিষদে সেভাবে আলাপ হয়নি। পরবর্তী সময়ে কী করা যায়, সেটা সবাইকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
এদিকে গতকাল রাঙামাটি জেলা প্রশাসন ও পর্যটন করপোরেশন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন করেছে। সকাল ১০টায় পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসন কার্যালয় চত্বর পর্যন্ত বিভিন্ন আদিবাসী সম্প্রদায় ও বাঙালি সংস্কৃতি উপস্থাপনের মাধ্যমে শোভাযাত্রার আয়োজন করা হয়।