
২০১৪ সালে বিশ্বের যে ২০টি দেশ পর্যটন খাতে ভালো প্রবৃদ্ধি করবে, তার একটি বাংলাদেশ। এ ছাড়া আগামী এক দশকে পর্যটন খাতে যে ১২টি দেশ দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি করবে, সেখানেও আছে বাংলাদেশ।
ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড টুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) এ বছরের প্রতিবেদনে এই আশাবাদের কথা বলা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থাটি বিশ্বের ১৮৪টি দেশের পর্যটন নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে। এর আগে আন্তর্জাতিক প্রতিষ্ঠান লোনলি প্ল্যানেট বলেছিল, বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য পৃথিবীর সেরা দেশ হতে পারে বাংলাদেশ।
পর্যটন খাত নিয়ে এমন সম্ভাবনার পাশাপাশি হতাশার দিকও আছে। পর্যটন সক্ষমতা-সংক্রান্ত ২০১৩ সালের আন্তর্জাতিক প্রতিবেদনে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩। ২০১২ সালে ১৪৪টি দেশের মধ্যে ১১৮ এবং ২০১১ সালে ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯। এই তালিকার শীর্ষে আছে সুইজারল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্রের মতো দেশ। এশিয়ার সিঙ্গাপুর, জাপানও আছে এই তালিকায়।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিবছর ‘ট্রাভেল অ্যান্ড টুরিজম কম্পিটিটিভনেস ইনডেক্স’ (টিটিসিআই) শীর্ষক প্রতিবেদন তৈরি করে। পর্যটন খাতের উন্নয়ন-সংক্রান্ত নীতিমালা, অবকাঠামো, যোগাযোগ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবাসহ ১৪টি বিষয়কে গুরুত্ব দিয়ে এই তালিকা করা হয়।
সম্ভাবনা আর হতাশার এমন বাস্তবতার মধ্যেই আজ শনিবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ বছর দিবসটির স্লোগান ‘স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন’।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অবকাঠামোগত সমস্যার পাশাপাশি নীতিনির্ধারকদের আন্তরিকতা, পেশাদারত্ব, দক্ষতা ও আন্তর্জাতিক প্রচার নেই বলে সম্ভাবনাময় এই খাতটি পিছিয়ে আছে। পর্যটন প্রতিষ্ঠানগুলো বলছে, বিশ্বের ৭০টি দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আসতে ‘অন-অ্যারাইভাল ভিসা’-সুবিধা আছে। কিন্তু পর্যটন নিয়ে কোনো প্রচার নেই। ফলে এসব দেশের নাগরিকেরা এ দেশে আসছেন না। আবার সড়ক যোগাযোগব্যবস্থাসহ নানা সমস্যার কারণে দেশের সচ্ছল মানুষও ঘুরতে চলে যাচ্ছেন বিদেশে।
টুর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) তথ্য অনুযায়ী, গত বছর শুধু মালয়েশিয়াতেই বাংলাদেশ থেকে এক লাখ ৩৫ হাজার পর্যটক গেছেন। থাইল্যান্ডে গেছেন ৮৫ হাজার। ভারতে যাচ্ছেন প্রতিবছর পাঁচ থেকে ছয় লাখ। ৩০ থেকে ৪০ হাজার যাচ্ছেন সিঙ্গাপুরে। এ ছাড়া নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কায় ভিসা লাগে না বলে সেখানেও যাচ্ছেন বিপুল পর্যটক। তার পরও দেশের ভেতরে পর্যটকের সংখ্যা বাড়ছে। এর একটি বড় অংশই অবশ্য তরুণ।
টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পর্যটন যে বাংলাদেশের বিশাল সম্ভাবনাময় খাত, সেটাই আমরা বুঝতে চাই না। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত—এই দেশগুলো পর্যটক আনার জন্য বিশ্বব্যাপী প্রচার চালিয়েছে, বিনিয়োগ করেছে। এখন তারা এর সুফল পাচ্ছে। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত বা ম্যানগ্রোভ বন থাকার পরও আমরা সেটি বিশ্ববাসীকে জানাতে পারছি না।’ তিনি দেশের সড়ক ও যাতায়াতব্যবস্থা উন্নত করার এবং পর্যটনের সত্যিকার অবকাঠামো গড়ে তোলার পরামর্শ দেন।
বিদেশি পর্যটকেরা কেন বাংলাদেশে কম আসছেন, জানতে চাইলে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান বলেন, বেসরকারি টুর অপারেটরদের অভিযোগ, পর্যটন নিয়ে কোনো প্রচার নেই। আর ভিসা-জটিলতা তো আছেই। প্রচার চালানোর পাশাপাশি ই-ভিসা পদ্ধতি চালু করার পরামর্শ দিয়েছেন তিনি।
পর্যটন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে বিশ্বব্যাপী পর্যটকের সংখ্যা প্রায় ১০০ কোটি। ২০২০ সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে ১৬০ কোটি। এই বিপুলসংখ্যক পর্যটকের মূল গন্তব্য এশিয়ার দেশগুলো। বাংলাদেশ যদি বিশাল এই বাজার ধরতে পারে, তাহলে পর্যটনের হাত ধরেই বদলে যেতে পারে দেশের অর্থনীতি।
বাংলাদেশ পর্যটন বোর্ড (বিপিটি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশে এখন প্রতিবছর গড়ে পাঁচ থেকে ছয় লাখ বিদেশি পর্যটক আসছেন। এ খাত থেকে বছরে প্রায় এক হাজার কোটি টাকা আসছে। তবে গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি পর্যটকের সংখ্যা অর্ধেকে নেমে আসে। এ বছর বিদেশি পর্যটক আসা বেড়েছে।
নীতিমালা শুধু কাগজে: পর্যটন প্রতিষ্ঠানগুলো বলছে, বিশ্বের সবচেয়ে বড় ১২০ কিলোমিটারের সমুদ্রসৈকত কক্সবাজার আর ৬০০ বর্গকিলোমিটারের ম্যানগ্রোভ বন থাকার পরও বাংলাদেশ তার পর্যটনকে বিশ্বের কাছে তুলে ধরতে পারছে না।
পর্যটনকে এগিয়ে নিতে ১৯৯২ সালে প্রথম জাতীয় পর্যটন নীতিমালা করা হয়। এতে বলা হয়েছিল, বিদেশি পর্যটকদের আধুনিক ও চিত্তবিনোদনের সব সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে। কক্সবাজার ও সুন্দরবনের জন্য নেওয়া হবে মহাপরিকল্পনা। পর্যটন খাত বিকাশে বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কিন্তু বাস্তবে এগুলোর কিছুই হয়নি।
প্রথম জাতীয় পর্যটন নীতিমালা তৈরির ১৮ বছর পর ২০১০ সালে তা হালনাগাদ করা হয়। আগের নীতিমালায় যা ছিল, তার সবই স্থান পেয়েছে নতুন নীতিমালায়। কক্সবাজার, টেকনাফ, সোনাদিয়াকে ঘিরে নানা পরিকল্পনার কথা বলা হয়েছে। সিলেটের জাফলং, মাধবকুণ্ড, শ্রীমঙ্গল, লাউয়াছড়া, চট্টগ্রামের সীতাকুণ্ড, সুনামগঞ্জ-সিলেটের হাওর, নেত্রকোনার বিরিসিরি, পদ্মা, মেঘনা ও যমুনা তীরবর্তী আকর্ষণীয় স্পট ও পার্বত্য চট্টগ্রামে পর্যটনের জন্য নানা উদ্যোগ নেওয়ার কথা বলা আছে। কিন্তু চোখে পড়ার মতো কোনো উদ্যোগ বা বিনোয়োগ নেই।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, সরকার পর্যটন খাতে সরকারি-বেসরকারি অংশিদারির (পিপিপি) ভিত্তিতেই বেশি কাজ করতে চায়। পিপিপির মাধ্যমে কক্সবাজারের সাবরাং এলাকায় বিশেষ পর্যটন অঞ্চল হবে। এ কাজ শেষ হলে প্রচুর বিদেশি পর্যটক আসবেন বলে তাঁর আশা।
জাতীয় পর্যটন বোর্ডের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মজিব উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পর্যটন খাতে সম্ভাবনা বিপুল হলেও সক্ষমতা কম। এর প্রধান কারণ, জ্ঞানের অভাব। তবে পর্যটন একটা শিল্প হিসেবে দাঁড়াতে সময় লাগবে।
আরও পড়ুন