পর্যটন প্রসারে আবার ই-ভিসার প্রস্তাব পর্যটন মন্ত্রীর
পর্যটন শিল্পের প্রসারে বিদেশি পর্যটকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সহজ করা এবং দ্রুত ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে ‘ভিসা অন অ্যারাইভাল’ শীর্ষক গোল টেবিল বৈঠকে মন্ত্রীসহ পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা এই দাবি জানান। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই বৈঠকের আয়োজন করে।
অনুষ্ঠানে ভিসা সংক্রান্ত সব সমস্যার সমাধানে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর ভিসা অন অ্যারাইভাল প্রদানের বিষয়ে জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনার কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফা কামাল এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক মাসুদ হোসাইন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বৈঠকটি সঞ্চালনা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজামান খান ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।