পর্যটন বর্ষ পালন উপলক্ষে কুয়াকাটায় পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা গড়ব আমার দেশ, পর্যটকবান্ধব পরিবেশ’ স্লোগান সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পর্যটন বর্ষ-২০১৬ উদ্যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে গতকাল বুধবার এসব কর্মসূচি পালন করা হয়।
কুয়াকাটা পর্যটন মোটেলের হলিডে হোমস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে কুয়াকাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈকতে গিয়ে শেষ হয়। এরপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কুয়াকাটা সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলে।
‘দেশের অর্থনীতির উন্নয়নে পর্যটনশিল্পের অবদান ও পর্যটনশিল্পের উন্নয়নে কুয়াকাটার অবদান’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী। পর্যটন করপোরেশনের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. নজরুল ইসলাম।
আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল ইসলাম, পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নিখিল রঞ্জন রায় তাঁর বক্তব্যে বলেন, কুয়াকাটা পর্যটনশিল্পের উন্নয়নে বড় রকমের পরিকল্পনা নিয়েছে সরকার।
সন্ধ্যায় সৈকতে চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা দল এবং স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।