
পর্যটন খাতের উন্নয়ন, প্রচার ও বিপণনকে জোরদার করতে ২০১৬ সালে বিশেষ কোনো বরাদ্দই পায়নি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)। অথচ ২০১৬ সালকে সরকার পর্যটনবর্ষ হিসেবে ঘোষণা করেছিল। ট্যুরিজম বোর্ড বলছে, বরাদ্দ না পাওয়ায় পর্যটনবর্ষের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে ঘাটতি ছিল।
পর্যটনশিল্পের উন্নয়ন, প্রচার ও বিপণন—এসব বিষয়কে ঘিরে সরকার তিন বছর মেয়াদি ‘ভিজিট বাংলাদেশ’ প্রকল্প হাতে নেয়। ২০১৮ সালে শেষ হবে এর কার্যক্রম। তাই ভিজিট বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং পর্যটন খাতকে আরও গতিশীল করতে সরকার ২০১৬ সালকে পর্যটনবর্ষ ঘোষণা করে। আর পরিকল্পনা বাস্তবায়নে কাজের তদারকির দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে।
তিন বছর মেয়াদি পরিকল্পনার বেশির ভাগই ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরকে ঘিরে নেওয়া হয়েছিল। এর মধ্যে আবার বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা ছিল পর্যটনবর্ষকে। বিটিবি সূত্রে জানা গেছে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যটন মন্ত্রণালয় ইতিমধ্যে ২৩২ কোটি বরাদ্দ চেয়েছিল। এরপর প্রচারণা বাবদ ৬০ কোটি টাকা এবং পর্যটক আকর্ষণ বাবদ ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। কিন্তু পর্যটনবর্ষ শেষ হতে চললেও এই বরাদ্দ মেলেনি বিটিবির। অর্থ বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে বিটিবি সূত্র জানালেও তা কবে নাগাদ পাওয়া যাবে, এ ব্যাপারে তারা কোনো কিছু জানে না।
বিটিবির নির্বাহী কর্মকর্তা (বিপণন ও পরিকল্পনা) এ কে এম রফিকুল ইসলাম বলেন, বিশেষ বরাদ্দ না পাওয়ায় নিয়মিত বরাদ্দ থেকে তাদের কাজ করতে হয়েছে। এ কারণে কাজের ঘাটতি রয়ে গেছে। তিনি আরও বলেন, পর্যটনবর্ষে যে ঘাটতি হয়েছে, তা আগামী বছরে কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। এ জন্য মূল পরিকল্পনায় নতুন কর্মসূচিও সংযুক্ত করা হতে পারে।
অবশ্য পর্যটনবর্ষের জন্য বিটিবির নেওয়া পরিকল্পনা যথেষ্ট নয় উল্লেখ করে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সাবেক পরিচালক ও বেঙ্গল ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন বলেন, বিদেশি পর্যটককে বাংলাদেশে টানার মতো যথেষ্ট নয় তাদের পরিকল্পনা। বেশ ঘাটতি ছিল পরিকল্পনায়।
গত বছরের অক্টোবরে ঢাকায় আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পর্যটনশিল্পকে আরও গতিশীল করতে সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে। ২০১৬ সাল হবে ‘ভিজিট বাংলাদেশ ইয়ার’।
প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরপরই প্রাথমিক প্রস্তুতি হিসেবে কাজ শুরু হয় পর্যটনবর্ষের এবং ভিজিট বাংলাদেশের লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয় ২০১৮ সালের মধ্যে প্রতিবছরে বিদেশি পর্যটকের সংখ্যা ১০ লাখে উন্নীত করা। এ খাতে ১৪ কোটি ২০ লাখ ডলার (প্রতি ডলার ৮০ টাকা হিসেবে ১ হাজার ১৩৬ কোটি টাকা) রাজস্ব আয় এবং সাড়ে তিন লাখ কর্মসংস্থান তৈরি করা।
পর্যটন বোর্ড এ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বলে দাবি করলেও ট্যুর অপারেটররা সন্দেহ প্রকাশ করেছেন।
সরকার এর আগেও ২০১১ সালে পর্যটনবর্ষ ঘোষণা করেছিল। সেবার বিটিবিকে বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় ৬৬ কোটি টাকা। এর বেশির ভাগ টাকা (প্রায় ৬০ কোটি টাকা) ফেরত গিয়েছিল কাজ করতে না পারায়। ফেরত যাওয়া এসব টাকা বরাদ্দ পেয়েছিল আন্তর্জাতিক ক্যাম্পেইনের জন্য।