পর্যটন বিকাশে নিরাপত্তা ও অবকাঠামোয় গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান  মেনন l ছবি: প্রথম আলো
মতবিনিময় সভায় বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন l ছবি: প্রথম আলো

পর্যটন খাতের বিকাশে পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া ও অবকাঠামোগত সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের প্রধানেরা। পাশাপাশি দেশের মানুষকে পর্যটনের প্রতি আকৃষ্ট করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আয়োজিত এক চা-চক্রে এসব কথা বলেন সংবাদপত্র ও গণমাধ্যমের প্রধানেরা। ২৭ ও ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সম্মেলন হবে। বাংলাদেশ পর্যটন বোর্ডের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিখ্যাত বৌদ্ধ ভ্রমণ-সার্কিটগুলোর সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করার লক্ষ্যে করণীয় নির্ধারণের বিষয়টি সম্মেলনের প্রধান উদ্দেশ্য।
রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশ পর্যটনের জন্য আকর্ষণীয় ও নিরাপদ স্থান, এটা প্রমাণ ও প্রতিষ্ঠা করতে চাই। আন্তর্জাতিক সম্মেলনটির পাশাপাশি ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। এর পরবর্তী দুই বছরও পর্যটন হিসেবে থাকবে।’ এই সময়ে বাংলাদেশের পর্যটন খাতকে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রণালয়ের সচিব খুরশেদ আলম চৌধুরী বলেন, সম্মেলনে আসা অতিথিদের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। এ খাতকে আরও জনপ্রিয় করতে মন্ত্রণালয়ের উদ্যোগের পাশাপাশি সংবাদমাধ্যম ও বেসরকারি খাতের সহায়তা প্রত্যাশা করেন তিনি।

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার পর্যটন খাতের বিকাশে দ্রুত অবকাঠামো তৈরির ওপর গুরুত্ব দেন। স্কুলের শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় দেশের বিভিন্ন পর্যটন এলাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া যায় কি না সে বিষয়ে ভাবার পরামর্শ দেন তিনি।

ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন সুবিধা বাড়ানোর পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দেন। নিজেদের সক্ষমতার কথা মাথায় রেখে পর্যটন বিষয়ে পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন তিনি।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম পর্যটক আকর্ষণ করতে আস্থা তৈরির ওপর গুরুত্ব দেন।

চা-চক্রে আরও বক্তব্য দেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খান, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ যোবায়ের প্রমুখ।