পর্যটন বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোতে ২১ এপ্রিল প্রকাশিত ‘পর্যটনে বেহাল বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবাদে বলা হয়েছে, প্রতিবেদনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বরাতে যেসব তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে, সেগুলো খুব দুর্বল নমুনা তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
প্রতিবাদে আরও বলা হয়, পর্যটন খাতে গত তিন বছরে বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। ২০১৫ সালে বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন খাতে ৬ হাজার ১৬০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, যা দেশের মোট বিনিয়োগের ১ দশমিক ২ শতাংশ। এ সময়ে এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩৪ লাখের বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে, যা দেশের মোট কর্মসংস্থানের ৪ দশমিক ২ শতাংশ। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের দূরদর্শী নেতৃত্বে এই খাত এগিয়ে যাচ্ছে। পর্যটনে বাংলাদেশের সাফল্যের যাত্রাপথে গণমাধ্যমগুলোকে ক্ষত সৃষ্টি না করে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়।

প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনের কোনো তথ্যই প্রথম আলোর নয়। যেসব সূচক ও তথ্য-উপাত্তের ভিত্তিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই প্রতিবেদন তৈরি করেছে, সে বিষয়ে পর্যটন খাত-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলেও তিনি মন্তব্য করতে চাননি।