পর্যটন বোর্ডসহ কয়েকটি ওয়েবসাইট আক্রান্ত
বাংলাদেশের পর্যটন বোর্ডের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি ওয়েবসাইট আক্রান্ত (হ্যাকড) হয়েছে। এসব ওয়েবসাইটে এখন মিয়ানমারের পতাকা দেখানো হচ্ছে।‘মিয়ানমার সাইবার আর্মি’ নামে একটি হ্যাকারস গ্রুপ এই সাইবার হামলা চালিয়েছে বলে ওয়েবসাইটে বার্তা জুড়ে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশি হ্যাকাররা বলছেন, মিয়ানমারের হ্যাকারদের সঙ্গে ভারতীয় অনেক হ্যাকারও যোগ দিয়েছেন। বাংলাদেশি হ্যাকারদের দাবি, তাঁরা আক্রান্ত হওয়া বেশির ভাগ ওয়েবসাইটই ঠিক করে ফেলছেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটির (www.dru.com.bd) ওয়েবসাইটে দেখা গেছে, ‘মিয়ানমার সাইবার আর্মি’ নামে একটি হ্যাকারস গ্রুপ এই সাইবার হামলা চালিয়েছে। হ্যাকারদের দাবি, এটা কোনো সতর্কতামূলক আক্রমণ নয়, বরং বাংলাদেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে আক্রমণের শুরু। কারণ, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের গোপনে ইন্ধন জোগাচ্ছে।ডিআরইউর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘ওয়েবসাইট আক্রান্ত হওয়ার বিষয়টি তথ্যমন্ত্রীকে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে সাধারণ ডায়েরি করার কথাও চিন্তা করছি।’ বাংলাদেশি হ্যাকাররা জানিয়েছেন, কেবল ডিআরইউ নয়, বাংলাদেশের পর্যটন বোর্ডসহ (www.tourismboard.gov.bd) আরও কয়েকটি সরকারি সাইট আক্রমণের শিকার হয়েছে। মিয়ানমার সাইবার আর্মি, ব্লিঙ্ক হ্যাকার গ্রুপ, মিয়ানমার ক্রাকিং টিম, টিম ডেস্ট্রয়ার আর্মি, ইন্ডিশেল এবং ইন্ডিয়ান সাইবার আর্মি এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। তবে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের সদস্যরা সেগুলো ঠিক করে ফেলছেন।গ্রে হ্যাট হ্যাকারসের প্রতিষ্ঠাতা প্রশাসক (অ্যাডমিন) রোটেটিং রোটর প্রথম আলোকে বলেন, বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের সদস্যরা আক্রান্ত বেশির ভাগ সাইট ঠিক করে ফেলেছেন। এখনো যেগুলো ঠিক হয়নি, সেগুলোও ঠিক করে ফেলা হবে। বাংলাদেশি হ্যাকাররা খুব শিগগির এর সমুচিত জবাব দেবেন বলেও জানান তিনি। এর আগে ভারতীয় হ্যাকিং গ্রুপ ইন্ডিশেল বাংলাদেশের বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি সাইট হ্যাক করে। সে সময় বাংলাদেশি হ্যাকাররা কয়েক হাজার ভারতীয় সাইট হ্যাক করে এর জবাব দেন।