পর্যটন মেলা শেষ হচ্ছে আজ
রাজধানীতে আয়োজিত পর্যটন মেলা আজ শনিবার শেষ হচ্ছে। তিন দিনের এ মেলায় বাংলাদেশ ও ভারতের ২৬টি পর্যটন সংস্থা ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শেরাটন হোটেলে এ মেলার আয়োজন করেছে বেসরকারি সংস্থা ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।মেলার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার বেশ ভিড় দেখা যায়। বিশেষ করে ভারতের পর্যটন সংস্থাগুলোর স্টলে তরুণদের ভিড় ছিল লক্ষণীয়। এসব স্টলে ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ ও ব্যয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।মেলায় পর্যটন সংস্থার পাশাপাশি অংশ নিয়েছে ভারতের দি মিশন হাসপাতাল ও প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠির নারায়ণা হূদয়ালয় হাসপাতালের মতো নামকরা চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। এগুলোর স্টলে এসব হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ও সহজে কীভাবে সেবা পাওয়া যাবে, সে সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া হচ্ছে। মানুষ এসব প্রতিষ্ঠানে হূদরোগ, অঙ্গ প্রতিস্থাপনসহ বিভিন্ন অস্ত্রোপচার ও চিকিৎসা সম্পর্কে ধারণা পাচ্ছে।ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের জ্যেষ্ঠ বাণিজ্যিক ব্যবস্থাপক এস এন রায় প্রথম আলোকে বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ ভারতে চিকিৎসা নিতে যায়। তাদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করতে এ মেলার আয়োজন। একই সঙ্গে ভ্রমণ বিষয়ে আগ্রহীদের জন্যও মেলায় দুই দেশের পর্যটন সংস্থা আছে।আজ শেষদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।