পর্যটন মৌসুমে শূন্য হোটেল-মোটেল
কক্সবাজার শহর থেকে ১৫ কিলোমিটার দূরে পেঁচারদ্বীপ ‘মারমেইড বিচ রিসোর্ট’। সাগর, পাহাড় আর রেজু নদীর কূলে পরিবেশবান্ধব নির্জন এই মারমেইড ইকোপল্লিতে ৮০ শতাংশ অতিথিই থাকতেন বিদেশি। অবশিষ্ট ২০ শতাংশ অতিথি আসতেন দেশের বিভিন্ন স্থান থেকে। তবে গত ১১ দিনের অবরোধ-হরতালে এখন প্রায় ফাঁকা পড়ে আছে সেটি।
রিসোর্টের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, ‘নতুন বছরে পর্যটকদের বিনোদনসেবা নিশ্চিত করতে আমরা এই রিসোর্টে মোটা অঙ্কের বিনিয়োগ করেছি। কিন্তু টানা অবরোধের কবলে পুরো পল্লি খালি পড়ে আছে। গত ১১ দিনে এখানে কোনো পর্যটক আসেননি। এ ক্ষেত্রে লোকসান হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এখন ৮৫ জন কর্মকর্তা-কর্মচারীর মাসিক বেতন-ভাতার টাকা সংগ্রহ করতে বিপাকে পড়েছি।’
হোটেল মালিকেরা জানান, বিএনপিসহ বিরোধী জোটের টানা অবরোধের কারণে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতও পর্যটকশূন্য হয়ে পড়েছে। আর এ কারণে সৈকত ও শহরতলির আড়াই শ হোটেল-মোটেল ফাঁকা পড়ে আছে।
কক্সবাজার হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, পর্যটক না থাকায় ইতিমধ্যে ২৯৮টি হোটেল, মোটেল, গেস্টহাউস ও কটেজ বন্ধ হয়ে গেছে। আরও শতাধিক বন্ধ হওয়ার পথে। শহরে এখন ১০০ জন পর্যটকও নেই। এ কারণে প্রায় ৩০ হাজার হোটেল কর্মকর্তা-কর্মচারী বেকার সময় কাটাচ্ছেন। ইতিমধ্যে ১০ হাজারের মতো কর্মচারী ছাঁটাই করা হয়েছে। হরতাল-অবরোধ চলতে থাকলে আরও ছাঁটাই করতে হবে।
হোটেল মালিক সমিতি সূত্র জানায়, পর্যটক না থাকায় আবাসিক খাতে প্রতিদিন ১২ কোটি টাকা লোকসান হচ্ছে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় সৈকতের লাবণী পয়েন্টে দেখা গেছে, পাঁচ কিলোমিটারের সৈকত প্রায় ফাঁকা। সমুদ্রের সামনে পর্যটকের বসার ছাতা-চেয়ারগুলোও খালি পড়ে আছে। ছাতার মালিক আবদুর রহমান বলেন, জানুয়ারির প্রথম তিন দিন এই সৈকতে প্রতিদিন লাখো পর্যটকের ভিড় ছিল। আর এখন একজনও নেই। এ কারণে কয়েক শ শ্রমজীবী বেকার হয়ে পড়েছেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদুল কবীর বলেন, ডিসেম্বরে পর্যটকের উপচে পড়া ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। এখন ফাঁকা সৈকতে পুলিশ সদস্যদের অলস সময় কাটাতে হচ্ছে।
কক্সবাজারের টুর অপারেটর অ্যাসোসিয়েশন (টুয়াক) সভাপতি এস এম কিবরিয়া খান বলেন, পর্যটক না থাকায় শহরের দুই শতাধিক টুরিজম প্রতিষ্ঠান বন্ধ। বেকার হয়েছেন এসব প্রতিষ্ঠানের দুই হাজার কর্মচারী।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, অবরোধে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিজিবি-পুলিশ পাহারায় গণপরিবহন চলাচলের পাশাপাশি কক্সবাজারে পর্যটক টানতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।