পর্যটনশিল্প বিকাশে বিমান হলিডেজ উইং চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পর্যটনশিল্প বিকাশে ও অভ্যন্তরীণ-আন্তর্জাতিক পর্যটনকে উৎসাহিত করতে ‘বিমান হলিডেজ’ উইং চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

বিমান হলিডেজ কর্মসূচির আওতায় যাত্রীরা এখন থেকে বিমানের নির্ধারিত গন্তব্যের বাইরেও বিশ্বের আরও ৯৬টি গন্তব্যে ভ্রমণসুবিধা পাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দিক আহমেদ গতকাল মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান হলিডেজ প্রোগ্রামের আওতায় যাত্রীরা টিকিট কেনার পর চাহিদা অনুযায়ী তাঁর বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত ‘পিক আপ অ্যান্ড ড্রপ’ সুবিধা পাবেন। এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনের সঙ্গে সঙ্গে বিমানের কর্মীরা যাত্রীদের ‘মিট অ্যান্ড অ্যাসিসটেন্স’ সার্ভিস দেবেন। এই হলিডে প্রোগ্রামের আওতায় এয়ারপোর্ট হলিডে লাউঞ্জ ফুড ও বেভারেজ সুবিধা পাবেন। এ ছাড়া যাত্রীরা সব দেশের ভিসা প্রসেসিং সহায়তা পাবেন। এর মাধ্যমে বিমান তার সেবাকে নতুন দিগন্তে ছড়িয়ে দিতে চায়। বাংলাদেশ পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার লক্ষ্যে ‘বিমান হলিডেজ’ বিশ্বের বিভিন্ন দেশের ‘ভ্রমণ মেলায়’ অংশগ্রহণ করবে। এর মাধ্যমে বিমানের পাশাপাশি বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ডিং করা হবে।

যাত্রীরা বিশেষ ছাড় পাবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ প্রোগ্রামের আওতায় একা ভ্রমণকারী শিশু ও বৃদ্ধদের বিশেষ সহায়তা সুবিধা দেওয়া হবে। ওয়ানস্টপ সার্ভিস হিসেবে সিম কার্ড, টপ-আপ সুবিধা, ব্যাগেজ লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যাসিসটেন্স পাবেন যাত্রীরা। ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিখ্যাত হাসপাতালগুলোতে বিমান হলিডের আওতায় তাঁরা বিশেষ ছাড়ও পাবেন।

বিশ্বের বিভিন্ন দেশের হোটেলে বুকিং সুবিধা পাওয়া যাবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের সাড়ে তিন লাখ হোটেল ও বাংলাদেশের সব হোটেলে সর্বনিম্ন মূল্যে বুকিং সুবিধা পাওয়া যাবে। বিমান হলিডেজে সব টিকিট ও হলিডে প্যাকেজ রয়েছে মাসিক কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা। একজন যাত্রী মাত্র ৯৯৯ টাকায় প্যাকেজ বুক করতে পারবেন, যা ফেরতযোগ্য।

দেশের ছয়টি প্রথম সারির ব্যাংক মাসিক কিস্তিতে টিকিট ও হলিডেজ প্যাকেজ কেনার সুবিধা প্রদান করবে। বিমান হলিডেজ সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট www. bimanholidays. com ভিজিট করতে অথবা টেলিফোনে হটলাইন নম্বর ০১৯৮৮১৮৮১৮৮ যোগযোগ করতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে।