পর্যটন-সুবিধায় আনা গাড়ি জালিয়াতি করে খালাস
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক মো. মাহবুবুল হক যুক্তরাজ্য থেকে লেক্সাস ব্র্যান্ডের একটি গাড়ি নিয়ে আসেন চট্টগ্রাম বন্দরে। গত বছরের ২৬ নভেম্বর জাল দলিলপত্র জমা দিয়ে কনটেইনার ভর্তি গাড়িটি বন্দর থেকে নিয়ে যান এই আমদানিকারকের লোকজন। গাড়িটি ঢাকায় নিয়ে বিক্রির জন্য আগ্রহী ক্রেতাদের সঙ্গে দরদামও করছিলেন তিনি। খবর পেয়ে চট্টগ্রাম কাস্টম হাউস ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা গত ২১ মার্চ ঢাকার মোহাম্মদপুরের একটি ভবনের গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করেন। একই সুবিধায় গত বছরের অক্টোবরে শাহিদুর রহমান নামে আরেক ব্যক্তি যুক্তরাজ্য থেকে বিএমডব্লিউ ব্র্যান্ডের একটি গাড়ি নিয়ে আসেন চট্টগ্রাম বন্দরে। এটিও জাল কাগজে খালাসের সময় গত ৩ জানুয়ারি বন্দরে আটক করেন শুল্ক কর্মকর্তারা।শুল্ক কর্মকর্তারা জানান, এই দুটি গাড়ি আনা হয়েছে পর্যটন-সুবিধায়। পর্যটন-সুবিধায় আনা গাড়ি নির্দিষ্ট সময় পর ফেরত না যাওয়ায় এসব গাড়ি খালাসে গত বছরের ২৬ এপ্রিল থেকে কড়াকড়ি আরোপ করে শুল্ক কর্তৃপক্ষ। এর পরও জাল কাগজপত্র দিয়ে গাড়ি খালাস করে নিয়ে যাচ্ছেন আমদানিকারকেরা। কাস্টম হাউসের একাধিক সূত্র জানায়, দুটি গাড়ি জব্দ করা সম্ভব হলেও অনেকগুলো গাড়ি জাল কাগজে বের করে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছেন আমদানিকারকেরা। যেমন, ঢাকার গুলশানের ইমতিয়াজ চৌধুরী এবং সিলেটের রায়নগরের আলমগীর হোসেনের নামে আমদানি করা দুটি ল্যান্ড রোভার গাড়ি জাল কাগজে খালাস হয়ে গেছে বলে তথ্য আছে কাস্টম হাউসের কাছে। অনুসন্ধানে জানা গেছে, অনেক গাড়ি অবৈধভাবে খালাস হয়েছে। যেমন, সিলেটের মো. আকিকুর রহমান মইন উদ্দিন ২০১১ সালের জানুয়ারি মাসে ২০ ফুট দীর্ঘ কনটেইনারে বিএমডব্লিউ গাড়ি আমদানি করেন। কাস্টম হাউসে এই গাড়ির বিল অব এন্ট্রি জমা হয়নি। গাড়িভর্তি কনটেইনার নম্বর ‘সিটিএমএস’ সফটওয়্যারের সাহায্যে অনুসন্ধান করে দেখা যায়, তিন হাজার সিসির গাড়িভর্তি এই কনটেইনারটি বর্তমানে বন্দরে নেই। একইভাবে বিএমডব্লিউ গাড়ি নিয়ে আসা কনটেইনারটি সিটিএমএস সার্ভারে খোঁজ করে অবস্থান পাওয়া যায়নি। এ ছাড়া লেক্সাস, মিতসুবিশি সোগান ও ল্যান্ড রোভার গাড়িভর্তি বেশ কটি কনটেইনার খুঁজে পাওয়া যায়নি। এ রকম গাড়িভর্তি অনেক কনটেইনার এখন ‘নিখোঁজ’ রয়েছে। এসব গাড়ির আমদানি দলিলপত্র (বিই) জমা না হওয়ায় জাল কাগজপত্র দিয়ে বন্দর থেকে খালাস করা হয়েছে বলে কাস্টম হাউস সূত্রে জানা গেছে।বন্দরের ‘সিটিএমএস’ প্রকল্পের পরিচালক খায়রুল মোস্তফা প্রথম আলোকে বলেন, সাধারণত যেসব কনটেইনার বন্দর থেকে খালাস হয়ে যায়, সেগুলোর সর্বশেষ অবস্থান স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রদর্শন করে না। শুধু যেসব কনটেইনার বন্দরে রয়েছে, সেগুলো কোনো ইয়ার্ডে আছে তা প্রদর্শন করে এই পদ্ধতির অনলাইনে।চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে কাগজপত্রের তথ্যানুযায়ী, গত মার্চ পর্যন্ত পর্যটন-সুবিধার আওতায় বন্দরে পড়ে থাকা গাড়ির সংখ্যা ৯০টি। বন্দর থেকে পাওয়া কাগজপত্রের তথ্য নিয়ে কাস্টম হাউস এই হিসাব করেছে। এই ৯০টি গাড়ি থেকে কতটি নিখোঁজ হয়েছে সরেজমিনে সে তথ্য এখনো কাস্টম হাউস কর্তৃপক্ষ বের করেনি। জানতে চাইলে কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান সম্প্রতি প্রথম আলোকে বলেন, বন্দর কর্তৃপক্ষ পর্যটন-সুবিধায় আনা সব গাড়ির কাগুজে তথ্য এখনো হস্তান্তর করেনি। বন্দর থেকে তথ্য পাওয়ার পর কনটেইনার খুলে গাড়ির বর্ণনা লিপিবদ্ধ করা হবে। এর পরই জানা যাবে কতটি গাড়ি নেই। এই প্রক্রিয়া শেষ হতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগবে বলে তিনি জানান। পর্যটন-সুবিধায় আনা গাড়ি আমদানির প্রাথমিক বিবরণী ঘেঁটে দেখা গেছে, সবচেয়ে বেশি গাড়ি এসেছে বিএমডব্লিউ ব্র্যান্ডের। এর বাইরে আছে মার্সিডিজ বেনজ, লেক্সাস, মিতসুবিশি পাজেরো, জাগুয়ার, ল্যান্ড রোভার ও ল্যান্ড ক্রুজার জিপ। শুল্ককর হিসাব করে এসব গাড়ির মূল্য পড়ে আড়াই থেকে সাড়ে চার কোটি টাকা। কাস্টম হাউস সূত্রে জানা যায়, ১৯৬৫ থেকে ২০১১ সালের ৪ এপ্রিল পর্যন্ত পর্যটন-সুবিধার আওতায় গাড়ি এসেছে ২৩৪টি। এর মধ্যে ফিরিয়ে নেওয়া হয় ১১৪টি। কাস্টম হাউসের নথিতে দেখা যায়, চট্টগ্রাম বন্দর দিয়ে এ বছর তিনটি এবং গত বছর পাঁচটি গাড়ি ফিরিয়ে নিয়ে গেছেন পর্যটকেরা। এর মধ্যে সাতজনই হলেন বিদেশি পর্যটক। ফিরিয়ে নেওয়া হয়নি এমন গাড়ির সংখ্যা ১২০টি। মূলত ২০১০ সাল থেকে পর্যটন-সুবিধায় গাড়ি এনে বিক্রি করে দেওয়ার প্রবণতা বেড়ে যায়। ২০১০ সালে এই সুবিধার আওতায় ৪৯টি গাড়ি আসে বাংলাদেশে। এরপর ২০১১ থেকে এ পর্যন্ত প্রায় শতাধিক গাড়ি আসে।আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনো পর্যটক চাইলে তাঁর নিজের গাড়ি নিয়ে বিনা শুল্কেই যেকোনো দেশে প্রবেশ করতে পারবেন। তবে ফিরে যাওয়ার সময় তা ফেরত নিয়ে যেতে হবে। কিন্তু বাংলাদেশে আসার পর এসব গাড়ি বিক্রি করে দেওয়া হয় বা হাতবদল হয়। ওই পর্যটক ফিরে যাওয়ার আগে গাড়ি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বলে থানায় ডায়েরি করেন।শুল্ক কর্মকর্তারা জানান, নির্দিষ্ট সময় পর এসব গাড়ি ফেরত না যাওয়ায় গত বছরের ২৬ এপ্রিল নতুন নিয়ম জারি করে রাজস্ব বোর্ড। নতুন নিয়মানুযায়ী, পর্যটন-সুবিধায় আনা গাড়ির শুল্ক-করের সমপরিমাণ টাকা ব্যাংক গ্যারান্টি দিয়ে খালাস করার শর্ত জারি হয়। পর্যটকেরা যখন এসব গাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন, তখন ব্যাংক গ্যারান্টির টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।