পর্যটনকেন্দ্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে: পর্যটন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, করোনার সংক্রমণ রোধে প্রতিটি পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেল ও রিসোর্টকে সরকারি প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। পর্যটনকেন্দ্রে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো প্রকার ব্যত্যয় প্রশ্রয় দেওয়া হবে না।

মঙ্গলবার এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলী এসব কথা বলেন। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যটন শিল্পসংশ্লিষ্ট উপখাতগুলো পরিচালনার জন্য করণীয় নির্ধারণ করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই সভার আয়োজন করে।

সভায় বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে প্রচারের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। সবার মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, স্কাউটসহ অন্যান্য অংশীজনের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করা হবে। হোটেল–মোটেল ও রিসোর্ট সঠিকভাবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জীবিকা ও অর্থনীতির কথা চিন্তা করে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। এতে করোনার কারণে ক্ষতিগ্রস্ত পর্যটনশিল্প ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। এমন কোনো কাজ করা যাবে না যাতে সংক্রমণ বাড়ার কারণে আবার এ খাত বন্ধ হয়ে যায়। হোটেল–মোটেল ও রিসোর্টগুলো সরকারের নির্দেশনা মানছে কি না, স্থানীয় প্রশাসন সেটি শক্তভাবে পর্যবেক্ষণ করবে।

সভায় আলোচনা শেষে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত চালানো, হোটেল–মোটেল ও রিসোর্টগুলোতে ৫০ শতাংশের বেশি আবাসনের ব্যবস্থা হচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিং করা, স্থানীয় প্রশাসনের প্রচারের ব্যবস্থা নেওয়া এবং অংশীজনদের নিয়ে নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা ও পরিবীক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।