ইংরেজি নববর্ষ উপলক্ষে বান্দরবানে জেলা শহরের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে পর্যটকদের সান্ধ্যকালীন বিনোদনের সময় বাড়িয়েছে প্রশাসন। আজ ১ জানুয়ারি থেকে ওই দুই স্থানে রাত ৮টা পর্যন্ত পর্যটকেরা সময় কাটাতে পারবেন। আগে সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকার অনুমতি ছিল।
পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ডিসেম্বর থেকে জেলায় পর্যটকদের আগমন বাড়ে। পর্যটকদের বিনোদনের কথা মাথায় রেখে এমন পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
জেলার পর্যটনের দায়িত্বে থাকা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আলী নুর খান বলেন, মাসখানেক আগেও জেলায় পর্যটকের সংখ্যা কম ছিল। পর্যটন স্পটগুলো ফাঁকা অবস্থায় থাকত। এখন পর্যটকেরা দলে দলে আসতে শুরু করেছেন। হোটেল-মোটেল ও পর্যটনের জায়গাগুলোতে দেশি-বিদেশি পর্যটকের ভিড় বেড়েছে। অধিকাংশ পর্যটকই দাবি করেছেন তাঁরা জেলা শহরের দুটি আকর্ষণীয় স্থান নীলাচল ও মেঘলায় সন্ধ্যার পরেও সময় কাটাতে চান। এ জন্য এখন রাত ৮টা পর্যন্ত ওই দুই স্পটে সময় কাটানোর সুযোগ দেওয়া হয়েছে। এতে নিরাপত্তার কোনো সমস্যা হবে না। সার্বক্ষণিক টুরিস্ট পুলিশ ও নির্বাহী হাকিম থাকবেন।
বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির যুগ্ম সম্পাদক জাকির হোসেন বলেছেন, গত ১২ জুনের পাহাড়ধসের ঘটনার পর পর্যটকের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় পর্যটন ব্যবসায়ও ধস নেমেছিল। গত দুই মাসে আবারও পর্যটক বাড়ছে। এই অবস্থায় পর্যটকবান্ধব পদক্ষেপের অংশ হিসেবে দুটি পর্যটনকেন্দ্রে বিনোদনের সময় বাড়ানো হয়েছে।