সুন্দরবনের হিরণ পয়েন্ট ও দুবলার চরের মাঝখানে জেগে ওঠা একটি চরকে পর্যটন এলাকা করতে চাইছে খুলনা জেলা প্রশাসন। ওই ভূখণ্ডে কোস্টগার্ডও একটি স্থাপনা ও পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করার উদ্যোগ নিয়েছে।
বন বিভাগ বলছে, বঙ্গবন্ধু চর হিসেবে চিহ্নিত ওই ভূখণ্ডের আয়তন প্রায় চার বর্গকিলোমিটার। চরটি সুন্দরবনের বন্য প্রাণী অভয়ারণ্য (দক্ষিণ) এবং ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এলাকার মধ্যে পড়েছে।
গত বছরের সেপ্টেম্বরে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক দীপংকর বিশ্বাস বঙ্গবন্ধু চরের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠান। এতে বলা হয়, চরটিকে বন্দোবস্ত দেওয়ার জন্য দিয়ারা জরিপ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে ভূমি জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে ওই চরে জরিপের কাজও শুরু হয়েছে।
যদিও বন বিভাগের জরিপে চরটি ইকো-ট্যুরিজমের জন্য মোটেই আদর্শ নয় বলে উল্লেখ করা হয়েছে। তারা হুমকির মুখে থাকা বন্য প্রাণীর আবাসস্থল হিসেবে চরটি গড়ে তোলাই উত্তম বলে সুপারিশ করেছে। জরিপ প্রতিবেদনে আরও বলা হয়, বঙ্গবন্ধু চরে কেওড়া, বাইন, সুন্দরী ও গরান প্রজাতির ম্যানগ্রোভ বৃক্ষ এবং লতাগুল্ম জন্মাতে দেখা গেছে। প্রচুর পরিমাণে হরিণ ও শূকরের বসতি গড়ে ওঠার প্রমাণ রয়েছে। প্রতিটি গাছে হরেক রকমের পাখির ডাকও শোনা গেছে। চরটি আগামী কয়েক বছরের মধ্যে বন্য প্রাণীর অভয়াশ্রম এলাকা নীলকমলের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। বর্তমানে ভাটার সময় ওই দুই এলাকার মধ্যে শুধু ছোট্ট একটি খাল রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি অনেক দিন ধরেই বলে আসছি, বঙ্গোপসাগরে বাংলাদেশের সমান আরেকটি নতুন ভূখণ্ড জেগে উঠছে। বঙ্গবন্ধু চরটি তারই অংশ। বিষয়টি আমার নজরে এসেছে, কিন্তু কোস্টগার্ড বা ভূমি মন্ত্রণালয় কারও পক্ষ থেকে এ ব্যাপারে আমার কাছে অনুমোদন চাওয়া হয়নি। তবে এটি যাদের তত্ত্বাবধানে থাকুক, সেটা বড় কথা নয়; এটি দেশের কাজে লাগছে কি না, সেটাই গুরুত্বপূর্ণ।’
এর আগে ২০১৫ সালে কোস্টগার্ড থেকে জেলা প্রশাসনের কাছে দেওয়া একটি চিঠিতে বঙ্গোপসাগরে চলাচলকারী নৌযান ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী জাহাজের নিরাপত্তা দিতে বঙ্গবন্ধু চরে পর্যবেক্ষণ টাওয়ার বসানোর আবেদন করা হয়। তারা চরটিকে ‘সরোয়ার স্যান্ড দ্বীপ’ উল্লেখ করে তার বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও পৃথক আবেদন করেছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রসচিব কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কোস্টগার্ডের পক্ষ থেকে ওই চর বরাদ্দ চাওয়ার বিষয়টি আমরা অবগত আছি। তবে সেখানে যদি বন বিভাগের দাবি থাকে, তাহলে তা আমাদের তথ্য-প্রমাণ, যুক্তিসহ জানাতে হবে। তারপর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়া চিঠিতে কোস্টগার্ড বলেছে, সমুদ্র এলাকায় অপরাধের ধরন বদলে গেছে। তাই ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ওই এলাকায় লং রেঞ্জ আইডেনটিফিকেশন অ্যান্ড ট্র্যাকিং (এলআরআইটি) ব্যবস্থা স্থাপন করা প্রয়োজন। মোংলা বন্দর আগের চেয়ে সক্রিয় হওয়ায় সমুদ্র দিয়ে জাহাজ চলাচল বেড়ে গেছে। এ ছাড়া রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু হলে ওই পথ দিয়ে জাহাজ চলাচল বাড়বে। এসব জাহাজের নিরাপত্তার জন্য কোস্টগার্ডের তৎপরতা বাড়াতে হবে। সে জন্য সেখানে পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা জরুরি।
এ ব্যাপারে কোস্টগার্ডের পশ্চিমের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. আলী প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগর থেকে মোংলা বন্দর ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের দিকে বিভিন্ন পণ্য ও কয়লাবাহী যে জাহাজগুলো যাতায়াত করে, সেগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য ওই চর গুরুত্বপূর্ণ। ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই ভূখণ্ডে পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করতে পারলে তা সামুদ্রিক নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, ‘বন বিভাগের ছাড়পত্র ও ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আমরা চরটির একাংশে অবকাঠামো নির্মাণের কাজ শুরু করব।’
তবে বঙ্গবন্ধু বন্য প্রাণী অ্যাওয়ার্ড বিজয়ী বন্য প্রাণী ও সুন্দরবন বিশেষজ্ঞ অধ্যাপক রেজা খান প্রথম আলোকে বলেন, সরকার সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। আর বঙ্গবন্ধু চর সুন্দরবনের ভেতরে পড়েছে। সেখানে পর্যটন বা স্থাপনা দূরে থাক, মানুষের প্রবেশ পর্যন্ত নিষেধ। জেলা প্রশাসনের কাজ সুন্দরবন রক্ষা করা, কিন্তু তারা যদি এ ধরনের ধ্বংসের আয়োজন করে, তা হবে অপরাধের শামিল।