পর্যটনশিল্প বিকাশের লক্ষ্যে সংসদে বিল পাস
দেশের পর্যটনশিল্পের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এবং সম্ভাবনাময় এলাকাগুলোতে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে জাতীয় সংসদে গতকাল রোববার একটি বিল পাস হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বিকেলে বিলটি উত্থাপন করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়।বিলে পর্যটনশিল্প ও সেবা খাতের পরিচালনা, উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে সংরক্ষিত এলাকা এবং বিশেষ অঞ্চল ঘোষণার বিধান রাখা হয়েছে।বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পর্যটনসমৃদ্ধ ও সম্ভাবনাময় এলাকায় অপরিকল্পিত কর্মকাণ্ড রোধ করে এর সংরক্ষণ করতে হবে। এসব এলাকায় বিশেষ পর্যটন অঞ্চল স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো, বিনোদন ও সেবামূলক সুযোগ-সুবিধা সৃষ্টির পাশাপাশি নিয়ন্ত্রণ ও পরিচালনায় আইনানুগ বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন। সেই সঙ্গে পর্যটনকেন্দ্র নির্মাণ ও উন্নয়নকল্পে সরকারি-বেসরকারি বা যৌথ উদ্যোগে সরকারের বিনিয়োগ কার্যক্রম গ্রহণই এ আইনের মূল উদ্দেশ্য।