বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, দেশের পর্যটনশিল্পের বিকাশে ভবিষ্যতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হবে। যেসব ট্রাভেল এজেন্ট যত বেশি পর্যটককে দেশে আনতে পারবে, সেই হিসেবে তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা থাকবে। মন্ত্রী গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গা ‘বাটারফ্লাই’ পার্ক মিলনায়তনে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন। তিনি এতে প্রধান অতিথি ছিলেন। ‘পর্যটন পণ্য বিপণন’ শীর্ষক কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট এবং আটাব চিটাগং জোন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সুবীর কুমার ব্যানার্জি। সভাপতিত্ব করেন ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের সভাপতি এইচ এম হাকিম আলী। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের পরামর্শক এস এ এম আনোয়ারুল হক।মন্ত্রী এর আগে গতকাল সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় তিন দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করেন। এর আয়োজন করে ভ্রমণবিষয়ক পত্রিকা দ্য মনিটর বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ওয়াহিদুল আলম। অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ডব্লিউ এ সারাথ কে ওয়েরাগোদা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান প্রমুখ।