চট্টগ্রামে পর্যটনশিল্পের দুর্যোগ মোকাবিলা–সংক্রান্ত সেমিনার
পর্যটনশিল্পের বিকাশে প্রয়োজন সমন্বিত উদ্যোগ
পর্যটনশিল্পের বিকাশের জন্য সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ, দুর্যোগ মোকাবিলার ক্ষমতা বাড়ানো এবং গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্রাইসিস কমিউনিকেশন ও টেকনিক্যাল ট্যুর’ শীর্ষক সেমিনার শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ হোটেলের মোহনা মিলনায়তনে সকাল ৯টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএনডব্লিউটিওর কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিএপি) এবং দ্য কমিশন ফর সাউথ এশিয়ার (সিএসএ) ২৯তম যৌথ বৈঠকের অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই আয়োজনের গতকাল ছিল দ্বিতীয় দিন।
গতকালের সেমিনারে রাশেদ খান মেনন দর্শকসারির সামনের আসনে বসে ছিলেন। সেমিনারে স্বাগত বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডব্লিউটিওর চিফ অব কমিউনিকেটরস স্যান্ড্রা কার্বো।
পরে আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল পার্টনারশিপস ড্যানিয়েল ওয়াগনার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, বেঙ্গল ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসাইন, শ্রীলঙ্কার পর্যটন সংস্থার মহাপরিচালক মালরাজ ভারথা কৈরালা, ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রণালয়ের পরিচালক অনি ইনসানি ও জাপানের অফিস অব ইন্টারন্যাশনাল ট্যুরিজমের নির্বাহী পরিচালক হিরশি সওয়াবে।
মূল প্রবন্ধে বলা হয়, মানব ও প্রকৃতিসৃষ্ট বিভিন্ন দুর্যোগের কারণে পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হয়। এসব দুর্যোগ থেকে উত্তরণের জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে। পর্যটনশিল্পের বিকাশে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির বলেন, ‘হলি আর্টিজানের ঘটনায় আমাদের পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বরাষ্ট্র, পররাষ্ট্রসহ বিভিন্ন দপ্তরের সহযোগিতায় ওই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। গণমাধ্যমও এখানে একটি ভালো ভূমিকা রেখেছে।’
বেঙ্গল ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসাইন বলেন, ‘আমাদের এখানে পর্যটক কমার পেছনে সন্ত্রাসী হামলার চেয়েও সরকারি তৎপরতার অভাবটি বেশি লক্ষণীয়।’
সেমিনার শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, ‘যদি বন্যার ঘটনা ঘটে, এখন তা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সামাল দেওয়া হয়। আর সন্ত্রাসী ঘটনার ক্ষেত্রে পুলিশি ব্যবস্থা থাকে। দুটোকে সমন্বিত করার জন্য এ ধরনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি করা বাঞ্ছনীয় বলে মনে করি।’ মন্ত্রী আরও বলেন, ‘পর্যটনশিল্পের বিকাশে গণমাধ্যম ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং সমন্বিত উদ্যোগ দরকার।’
সেমিনার শেষে গতকাল বিকেলে বিভিন্ন দেশের অতিথিদের চট্টগ্রামের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও পতেঙ্গা সমুদ্রসৈকত পরিদর্শনে নিয়ে যাওয়া হয়।
এই সভায় সিএপিভুক্ত ২১টি এবং সিএসএভুক্ত ৯টি দেশের মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তাসহ এসব দেশের প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। আজ বুধবার যৌথ বৈঠকটি অনুষ্ঠিত হবে।