
পর্যটক আকর্ষণে বিশ্বের সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। এমনকি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশের তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। পর্যটনে বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫। দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ৫ নম্বরে। এমনকি পাকিস্তানও এক ধাপ ওপরে।
বাংলাদেশের পর্যটন খাত নিয়ে এমন হতাশাজনক চিত্র উঠে এসেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচক ২০১৭’ শীর্ষক প্রতিবেদনে। পর্যটক আকর্ষণে একটি দেশ কতটা নিরাপদ, অবকাঠামো সুবিধা কেমন, বিমানবন্দর কতটা উন্নত, আবাসন ব্যবস্থার মান কেমন—মোটা দাগে এমন ১৪টি বিষয় বা সূচকের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিটি সূচকে সর্বোচ্চ নম্বর ছিল ৭, আর সর্বনিম্ন নম্বর ১। একেকটি সূচকে প্রাপ্ত নম্বর গড় করে একটি দেশের সার্বিক নম্বর নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী ক্রমতালিকা করা হয়েছে।
বিশ্বের ভ্রমণ ও পর্যটনশিল্প নিয়ে ডব্লিউইএফ প্রতি দুই বছর পরপর এই প্রতিবেদন প্রকাশ করে। ২০১৫ সালে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২৭। প্রতিবেদনে বাংলাদেশ-বিষয়ক তথ্য-উপাত্ত নিয়ে কাজ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বাংলাদেশে ব্যবসা আছে ও ১০ কোটি টাকার বেশি সম্পদ আছে—দেশি-বিদেশি এমন ৮৭ কোম্পানির নির্বাহীদের মতামত এ প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে।
জানতে চাইলে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, বিদেশি পর্যটক আকর্ষণে যে ধরনের ব্যাপকভিত্তিক অবকাঠামোগত সুবিধা থাকা দরকার, বাংলাদেশে সেটির বড় ধরনের ঘাটতি রয়েছে। শ্রেণি অনুযায়ী পর্যটক আকর্ষণে সুনির্দিষ্ট কোনো নীতিমালাও নেই। পর্যটনে বাংলাদেশের এসব ঘাটতিই প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, পর্যটক আকর্ষণে বিশ্বের ১ নম্বর দেশ হলো স্পেন। দেশটির স্কোর হলো ৫ দশমিক ৪৩। আর ১২৫ নম্বরে থাকা বাংলাদেশের স্কোর ২ দশমিক ৯। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো যথাক্রমে ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি ও কানাডা। পর্যটক আকর্ষণে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে ভারত। তালিকায় দেশটি আছে ৪০ নম্বরে। এ ছাড়া ভুটান ৭৮ নম্বরে, নেপাল ১০৩ ও পাকিস্তান আছে ১২৪ নম্বরে।
যে ১৪টি সূচকের ভিত্তিতে প্রতিবেদনে বাংলাদেশ ১২৫ নম্বরে রয়েছে তার প্রথমেই আছে বাংলাদেশে ব্যবসার পরিবেশ। এই সূচকে বাংলাদেশের সার্বিক অবস্থান ১০৪। বাংলাদেশে একটি ব্যবসা শুরু করতে বিদেশি বিনিয়োগকারীদের যেসব প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়, সে বিষয়গুলো এই সূচকে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুসারে, বিমানবন্দর অবকাঠামো সুবিধায় বাংলাদেশের অবস্থান ১১৩। এর মধ্যে বিমানবন্দরের ঘনত্ব সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৪। প্রতি ১০ লাখ লোকের জন্য একটি দেশে কতটি বিমানবন্দর আছে, সেটি এই সূচকে তুলে ধরা হয়েছে। সে হিসেবে বাংলাদেশের বিমানবন্দরে যাত্রীর চাপ অনেক বেশি।
পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো সূচকে বাংলাদেশ ১৩৩ নম্বরে। পর্যটকদের আবাসন বা হোটেলের মান সূচকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে খারাপ। এ সূচকে বাংলাদেশ আছে ১৩৫ নম্বরে। অর্থাৎ শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে। বাংলাদেশে ভ্রমণে এসে ভাড়া গাড়ির সেবার দুরবস্থার বিষয়টিও এ প্রতিবেদনে উঠে এসেছে। এ সূচকে ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশ আছে ১২৯ নম্বরে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পর্যটনশিল্পের প্রসারের বিষয়টিও বাংলাদেশে কম গুরুত্বপূর্ণ। এ সূচকে বাংলাদেশের সার্বিক অবস্থান ১২৭। সরকারের অগ্রাধিকার খাত সূচকে বাংলাদেশ আছে ১১১ নম্বরে। অর্থাৎ পর্যটন খাতের উন্নয়নের বিষয়টি বাংলাদেশ সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। পর্যটক আকর্ষণে প্রচার-প্রচারণা, তথ্য-উপাত্ত সংরক্ষণ, ব্র্যান্ডিংয়ের মতো সূচকেও বাংলাদেশের অবস্থান ১২০ থেকে ১৩০-এর মধ্যে।
বাংলাদেশে পর্যটকদের নিরাপত্তার ঘাটতির বিষয়টিও ডব্লিউইএফের প্রতিবেদনে উঠে এসেছে। এ সূচকে বাংলাদেশ আছে ১২৩ নম্বরে। বাংলাদেশে পুলিশের সেবার বিশ্বস্ততার বিষয়টিও নিরাপত্তা সূচকে উঠে এসেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ আছে ১১৭ নম্বরে। অর্থাৎ পুলিশের সাহায্য নেওয়ার ক্ষেত্রে পর্যটকেরা খুব একটা আস্থাশীল নন।
পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি তৌফিক উদ্দিন এ নিয়ে প্রথম আলোকে বলেন, পর্যটনশিল্পের প্রচারণার জন্য বাংলাদেশ সরকারের তেমন কোনো বাজেট নেই। ইন্টারনেটে গেলেই মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এমনকি ভারতের পর্যটনবিষয়ক অসংখ্য বিজ্ঞাপন চোখে পড়বে, কিন্তু বাংলাদেশের এমন কোনো বিজ্ঞাপন নেই। ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর লাগেজ ফেরত পেতে এক ঘণ্টা বা তার বেশি সময় লাগে। এভাবে চললে বাংলাদেশের পর্যটন খাত কখনোই বিকশিত হবে না
সরকারি হিসাব অনুযায়ী, ২০১৬ সালে ৫ লাখের বেশি পর্যটক বাংলাদেশে এসেছেন। আগের বছরে যা ছিল সাড়ে ৪ লাখের মতো। প্রতিবেশী দেশ নেপালে একই সময়ে পর্যটক এসেছেন ৭ লাখ ২৯ হাজার, ভারতে একই সময়ে পর্যটক এসেছেন প্রায় ৯০ লাখ।
পর্যটন খাতের ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়িক কাজে যাঁরা বাংলাদেশে আসেন, তাঁদের পর্যটক বলাটা যুক্তিযুক্ত নয়। তবে ব্যবসায়ীদের এমন মনোভাবের সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ পর্যটন করপোরেশনের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদার প্রথম আলোকে বলেন, বিদেশি একজন নাগরিক তিনি যে প্রয়োজনেই বাংলাদেশে আসুন না কেন, তিনি পর্যটক হিসেবেই গণ্য হবেন।