পর্যবেক্ষক পাঠাচ্ছে না কমনওয়েলথও
দশম সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কমনওয়েলথ। গতকাল রোববার কমনওয়েলথ মহাসচিব এক চিঠিতে নির্বাচন কমিশনকে এ কথা জানিয়েছেন। এর আগে গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল। কমনওয়েলথ মহাসচিবের চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং পরিবেশ না থাকায় তারা ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণ করবে না।
শুক্রবার ইইউ এ জন্য প্রায় একই কারণ দেখিয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক গতকাল প্রথম আলোকে বলেন, কমনওয়েলথ পর্যবেক্ষণে আসবে না জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, চিঠিতে কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা বলেছেন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় কমনওয়েলথ এ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
৪ ডিসেম্বর কমনওয়েলথের তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে দেখা করে। সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের প্রধান মার্টিন কাসেরি সাংবাদিকদের বলেছিলেন, তাঁরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মহাসচিবের কাছে প্রতিবেদন পাঠাবেন। এরপর কমনওয়েলথ কেন্দ্রীয় কার্যালয় থেকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ২ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে কমনওয়েলথ মহাসচিবের কাছে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল।